শিরোনাম

হাসনাতের দুঃখ প্রকাশ, তবুও এনসিপির সভাস্থলে কওমি ছাত্রদের কর্মসূচি

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
হাসনাতের দুঃখ প্রকাশ, তবুও এনসিপির সভাস্থলে কওমি ছাত্রদের কর্মসূচি
ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমির সামনে পুলিশের অবস্থান

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সভাস্থলে কওমি ছাত্রদের ‘ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান’ ঘোষণা দিয়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এনসিপি নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি বক্তব্য নিয়ে এ উত্তেজনার শুরু হওয়ায় ইতোমধ্যে ‘ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে’ জানিয়ে ফেসবুক স্ট্যাটাসে দুঃখ প্রকাশ করেন তিনি। তবুও এনসিপির সভাস্থলে নিজেদের কর্মসূচি বহাল রাখার কথা জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতারা।

জানা গেছে, শনিবার (২৯ আগস্ট) বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে গতকাল শুক্রবার মধ্যরাতে কওমি ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে মাদ্রাসা শিক্ষার্থীরা ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে হাসনাত আব্দুল্লাহর দেওয়া বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করে। হাসনাত আব্দুল্লাহ ক্ষমা না চাইলে এনসিপির অনুষ্ঠান প্রতিহত করারও ঘোষণা দেন বিক্ষুব্ধরা।

এ অবস্থায় শনিবার বিকেল ৩টায় এনসিপির অনুষ্ঠানস্থলে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের ডাক দেয় কওমি ছাত্র ঐক্য পরিষদ। এ ঘটনায় দুপুরে হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক স্ট্যাটাসে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে জানিয়ে সংসদে দেওয়া তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।

হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে কিনা– এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল খালেক বলেন, আমাদের কর্মসূচি এখনো বহাল আছে। আমরা পরামর্শ করছি। যেহেতু কর্মসূচি দিয়েছি অবস্থান করবো, ইনশাল্লাহ।

এসব বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, ‘শিল্পকলা একাডেমিতে এনসিপির একটি ঘরোয়া অনুষ্ঠান করার কথা জানায়। কিন্তু রাজনৈতিক সমাবেশ হবে, সেটা জানায়নি। সেজন্য আমরা অনুমতি ওইভাবে দিতে পারি না। কারণ শিল্পকলায় কোনো রাজনৈতিক অনুষ্ঠানের জন্য নয়।’

মাদ্রাসা শিক্ষার্থীদের কর্মসূচি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘মাদ্রাসা শিক্ষার্থীদের কর্মসূচির বিষয়ে আমরা কিছু জানি না। অনুমতি ছাড়া শিল্পকলা একাডেমি মিলনায়তন ব্যবহার করা যাবে না।’

এর আগে, গত বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৌকাবাইচ বন্ধ হয়ে যাওয়ায় কার্যকর ব্যবস্থা নিতে না পারায় সরকারের ব্যর্থতার সমালোচনা করেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

এর প্রতিবাদে গতকাল শুক্রবার মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া শহরে বিক্ষোভ করে কওমি ছাত্র ঐক্য পরিষদ। এ সময় বিক্ষোভকারীরা হাসনাত আবদুল্লাহ ও এনসিপির বিরুদ্ধে স্লোগান দেন। তারা হাসনাত আবদুল্লাহকে বক্তব্যের জন্য ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। অন্যথায়, শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমিতে এনসিপি পূর্বনির্ধারিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা কর্মসূচি পালন করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।

/এফআর/