শিরোনাম

ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯

ভোলা সংবাদদাতা

ভোলার দৌলতখান উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুই দলের ৯ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ভোলা-২ আসনের দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুন্সিরহাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুরুতর আহত জামায়াতের ৫ কর্মীকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপির ৩ কর্মী স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা জামায়াত প্রার্থী মাওলানা মুফতি ফজলুল করিমের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিল। এসময় সেখানে ধানের শীষের প্রার্থী হাফিজ ইব্রাহিমের কর্মী সমর্থকরা অবস্থান করছিল। দুই দলের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে এলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

দৌলতখান উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আশ্রাফ উদ্দিন ফারুক বলেন, পূর্বপরিকল্পিতভাবে বিএনপি নেতাকর্মীরা লাঠিসোঁটা-রড নিয়ে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। হামলায় আমাদের ১৩ নেতাকর্মী আহত হয়েছেন। গুরুতর আহত ৫ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দৌলতখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান সাজু বলেন, জামায়াত নেতাকর্মীরা প্রচারণার নামে পরিকল্পিতভাবে আমাদের কর্মীদের ওপর হামলা চালিয়েছে। তাদের হামলায় আহত ৩ কর্মী স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

দৌলতখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম শিকদার বলেন, মারামারির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

/এসআর/