শিরোনাম

হতদরিদ্র মানুষের কল্যাণেই ফ্যামিলি কার্ড বিতরণ: পার্বত্যমন্ত্রী

বান্দরবান সংবাদদাতা
হতদরিদ্র মানুষের কল্যাণেই ফ্যামিলি কার্ড বিতরণ: পার্বত্যমন্ত্রী
লামা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ানসহ অন্যরা। ছবি: সংগৃহীত

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের হতদরিদ্র মানুষের সেবা ও কল্যাণের জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন। প্রকৃত সুবিধাভোগীরা যাতে তাদের অধিকার পান, তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।

মঙ্গলবার (১০ মার্চ ) বান্দরবানের লামা উপজেলা পরিষদ মিলনায়তনে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী, যে ধর্মেরই হোক, সবখানেই সম্প্রীতি থাকবে। আমরা সমতার ভিত্তিতে মানুষের কল্যাণে এগিয়ে যাবো। ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামা উপজেলায় প্রান্তিক ও হতদরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিশেষ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করা হচ্ছে।

মন্ত্রী আরো বলেন, নারীদের ভাগ্যোন্নয়নে সরকার অতি অল্প সময়ের মধ্যে দেশব্যাপী ১৪টি উপজেলায় ৩৭ হাজার নারীর মাঝে ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম শুরু করেছে। এ কার্ডের মাধ্যমে দুস্থ পরিবারগুলো আগের চেয়ে অনেক বেশি উন্নত ও নিরাপদ জীবনযাপন করতে সক্ষম হবে।

মন্ত্রী বলেন, তালিকা তৈরির ক্ষেত্রে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। ভূমিহীন পরিবার, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের মানুষ, বেদে সম্প্রদায় এবং প্রান্তিক কৃষকদের অন্তর্ভুক্ত করার মাধ্যমে সরকার একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে চায়। সরকারি কার্যক্রমে কেউ যাতে দুর্নীতির আশ্রয় না নিতে পারে, সেদিকে কড়া নজরদারি রাখা হচ্ছে। সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে কাজ করে যাবে।

তিনি আরও বলেন, লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ১ হাজার ৯৭টি পরিবারের নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। কার্ডভুক্ত প্রতিটি পরিবার নগদ ২ হাজার ৫০০ শত টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন।

বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩০০নং বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিংপ্রু জেরী, বান্দরবান জেলা পুলিশ সুপার মো. আবদুর রহমান ও লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন প্রমুখ।

/এসআর/