শিরোনাম

ছয় মাসে পিপলস ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৯৭ শতাংশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
ছয় মাসে পিপলস ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৯৭ শতাংশ
পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড

চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) উল্লেখযোগ্য মুনাফা অর্জন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে প্রায় ৯৭ শতাংশ। সুদ, ভাড়া ও অন্যান্য আয় বৃদ্ধির পাশাপাশি বিনিয়োগ থেকে আয় বাড়ায় এ প্রবৃদ্ধি এসেছে বলে জানিয়েছে কোম্পানিটি।

সোমবার (২৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত কোম্পানিটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। গত রবিবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় প্রতিবেদনটি অনুমোদন করা হয়।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ৯৩ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৪৯ পয়সা। সে হিসাবে ছয় মাসে ইপিএস বেড়েছে ১ টাকা ৪৪ পয়সা বা প্রায় ৯৭ শতাংশ।

অন্যদিকে, চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৬৪ পয়সা। আগের বছরের একই প্রান্তিকে যা ছিল ৮৬ পয়সা। ফলে দ্বিতীয় প্রান্তিকে ইপিএস বেড়েছে ৭৮ পয়সা বা প্রায় ৯১ শতাংশ।

চলতি বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০ টাকা ৮৮ পয়সা।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, আগের বছরের তুলনায় চলতি বছরে সুদ আয়, ভাড়া আয় এবং অন্যান্য আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বিনিয়োগ থেকে অর্জিত আয়ও মুনাফা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রেখেছে। এর ফলে বছরের প্রথমার্ধে পিপলস ইন্স্যুরেন্সের আর্থিক অবস্থান আগের বছরের তুলনায় আরও শক্তিশালী হয়েছে।

/এফআর/