শিরোনাম

বাড়ির বেজমেন্ট থেকে মাথাবিহীন লাশের ৭ টুকরো উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
বাড়ির বেজমেন্ট থেকে মাথাবিহীন লাশের ৭ টুকরো উদ্ধার

রাজধানীর মুগদা থানার মান্ডা এলাকায় একটি বাড়ির বেজমেন্ট থেকে পলিথিনে মোড়ানো অজ্ঞাত ব্যক্তির সাত টুকরো করা মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৭ মে) বেলা দেড়টার দিকে খণ্ডিত দেহটি উদ্ধার করে মুগদা থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মান্ডা ১ম গলি আব্দুল করিম রোডের ২৬০/১ নম্বর ‘শাহনাজ ভিলা’ নামের একটি বাড়ির বেজমেন্টে পলিথিন মোড়ানো খণ্ডিত মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

মুগদা থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিন জানান, খবর পেয়ে শাহনাজ ভিলার বেজমেন্ট থেকে খণ্ডিত দেহটি উদ্ধার করা হয়। মরদেহটি সাত টুকরো করা ছিল। এতে লাশটির পেট থেকে ভুঁড়ি বেরিয়ে আসে। তবে মরদেহের মাথাটি পাওয়া যায়নি। পুরো দেহটি পচে গলে গেছে।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ছয় দিন আগে ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করা হয়েছিল। পরে দেহ টুকরো টুকরো করে পলিথিনে ভরে ওই বাড়িটির বেজমেন্টে ফেলে রেখে গেছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ যাচাই বাছাই চলছে।

/এফআর/