মেয়েরা আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে: ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মেয়েরা আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে: ববি হাজ্জাজ
বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ অন্যরা। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

মেয়েরা আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বলে প্রত্যাশা করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ জন্য পড়াশোনার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মেয়েদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানী ঢাকার লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের ‘বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬’ -এ প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মেয়েদের খেলাধুলার সুযোগ ও প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ‘আমি দেখতে চাই, আমাদের মেয়েরা খেলাধুলার অঙ্গনে আরও বড় অবদান রাখছে। দাবা, ব্যাডমিন্টন, ফুটবল, ক্রিকেটসহ যে খেলায় শিক্ষার্থীদের আগ্রহ রয়েছে, তাদের সেই সুযোগ দিতে হবে। শুধু জাতীয় পর্যায়ে নয়, আমাদের মেয়েরা আন্তর্জাতিক পর্যায়েও প্রতিযোগিতা করবে, বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে, এটাই আমাদের লক্ষ্য।’

তিনি বলেন, ‘আমাদের নারী শিক্ষার্থীরা আমাদের প্রিয়, আমাদের আদরের এবং আমাদের গর্ব। আমরা চাই, তারা ভবিষ্যৎ বাংলাদেশের দায়িত্ব আরও শক্তভাবে গ্রহণ করুক। শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি সব ক্ষেত্রেই তাদের দক্ষতা ও নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে।’

শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও মানোন্নয়নে সরকারের সহযোগিতার কথা উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, ‘এ ক্ষেত্রে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের পাশাপাশি অভিভাবকদেরও ইতিবাচক সহযোগিতা প্রয়োজন। ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসেবে লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজকে আরও মানসম্মত ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।’

শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলায় সাফল্যের প্রশংসা করে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া কার্যক্রমের আয়োজন গুরুত্বপূর্ণ।’ ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে তাকে আমন্ত্রণ জানালে শিক্ষার্থীদের পাশে থাকার আগ্রহ প্রকাশ করেন ববি হাজ্জাজ।

অনুষ্ঠানে লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি রুনা লায়লা রুনা। এ ছাড়া অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

/এফআর/