শিরোনাম

স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা: যুবদল নেতা দিদারুল বহিষ্কার, রমনা থানা কমিটি বিলুপ্ত

সিটিজেন ডেস্ক
স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা: যুবদল নেতা দিদারুল বহিষ্কার, রমনা থানা কমিটি বিলুপ্ত
রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুকে বহিষ্কার করা হয়েছে

রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেন তালুকদার হত্যাকাণ্ডের ঘটনায় যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য ও রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে রমনা থানা যুবদলের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

সোমবার (৮ জুন) রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (দফতরের দায়িত্বে) নুরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির সদস্য এবং রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুর বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি রমনা থানা যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে।

এ সিদ্ধান্ত যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে সোমবার রাত ৮টার দিকে রাজধানীর মৌচাক এলাকায় সালিশি বৈঠক চলাকালে স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক ও ঢাকা মহানগর দক্ষিণের সদস্য বিল্লাল হোসেন তালুকদার (৫৭) ছুরিকাঘাতে নিহত হন বলে অভিযোগ ওঠে।

নিহতের ভাগিনা মো. মোবারক হোসেন আকাশের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যায় আনারকলি মার্কেটের সামনে তাকে কয়েকজন মারধর করেন। পরে বিষয়টি মীমাংসার জন্য তিনি তার মামা বিল্লাল হোসেন তালুকদারকে ঘটনাস্থলে ডাকেন। রাত ৮টার দিকে আনারকলি মার্কেটের সামনে এ ঘটনায় সালিশি বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল।

আকাশের দাবি, বৈঠকের একপর্যায়ে রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবু এবং থানা যুবদলের সদস্যসচিব লুৎফরের সঙ্গে বিল্লাল হোসেন তালুকদারের বাগবিতণ্ডা হয়। পরে দিদারুলের নেতৃত্বে থাকা কয়েকজন বিল্লালকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে রমনা থানাকে অবহিত করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

/এমআর/