শিরোনাম

ডিআরইউর প্রশিক্ষণ কর্মশালা শেষ হবে শুক্রবার

সিটিজেন ডেস্ক
ডিআরইউর প্রশিক্ষণ কর্মশালা শেষ হবে শুক্রবার
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত সাতদিনব্যাপী সাংবাদিকতায় এআই প্রশিক্ষণ শেষ হচ্ছে আগামী শুক্রবার। ছবি সংগৃহীত

সাংবাদিকতায় এআই দক্ষতা বাড়াতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত সাতদিনব্যাপী সাংবাদিকতায় এআই প্রশিক্ষণ শেষ হচ্ছে আগামী শুক্রবার (৮ মে)।

আয়োজনের সমাপনী দিনে দুপুর ২টায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করবেন। এরে আগে, গত শনিবার এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

আজ বুধবার (৬ মে) আয়োজনের ৫ম দিনে ‘এআই-পাওয়ার্ড জার্নালিজম: অপার্চুনিটিস, রিস্ক্স অ্যান্ড ডিজিটাল সিকিউরিটি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে কর্মশালাটি সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

কর্মশালায় ৫০ জনের বেশি সংবাদকর্মী অংশ নেন। প্রশিক্ষণার্থীদের মধ্যে অন্যতম আগ্রহের বিষয় ছিলো গুগলের নোটবুক এলএম। বড় আকারের অডিও, ভিডিও কিংবা পিডিএফ ফাইল আপলোড করে সহজেই সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য, বিশ্লেষণ এবং সংবাদ উপাদান বের করার বিষয়ে আলোচনা করা হয়।

দিনব্যাপী সেশনে কীভাবে দীর্ঘ ও জটিল কনটেন্ট থেকে দ্রুত কার্যকর ইনসাইট বের করা যায় তা নিয়ে আলোচনা করা হয়। এআই যুগে এমন টুলের দক্ষ ব্যবহার নিশ্চিত করা গেলে সাংবাদিকতা আরও গতিশীল ও কার্যকর হয়ে উঠবে বলে মনে করছেন প্রশিক্ষকরা।

ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, ‘বর্তমান সময়ে সাংবাদিকতায় এআই কেবল একটি প্রযুক্তি নয়, বরং এটি কাজের গতি, তথ্যের নির্ভুলতা এবং বিশ্লেষণের সক্ষমতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। সংবাদ সংগ্রহ, যাচাই ও উপস্থাপনের প্রতিটি ধাপেই এখন এআই ভূমিকা রাখছে। তাই সাংবাদিকদের জন্য এআই বিষয়ে দক্ষতা অর্জন সময়ের দাবি, যাতে তারা পরিবর্তিত পরিস্থিতিতে আরও দক্ষভাবে কাজ করতে পারেন।’

তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল বলেন, প্রশিক্ষণ কর্মশালাটি ইতোমধ্যেই বেশ জমে উঠেছে এবং এতে অনেক সিনিয়র সাংবাদিকও অংশ নিচ্ছেন। দিন শেষে অংশগ্রহণকারীদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। অনেকেই মনে করছেন, এমন একটি প্রশিক্ষণ তাদের জন্য খুবই প্রয়োজন ছিল।

তিনি বলেন, সংবাদকর্মীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করাই ডিআরইউর প্রধান লক্ষ্য, আর সেই লক্ষ্য বাস্তবায়নেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকরা জানান, এআই ব্যবহারের নৈতিকতা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করার বিষয়গুলোও প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে। সাংবাদিকদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং পরিবর্তিত মিডিয়া পরিবেশে তাদের আরও সক্ষম করে তোলাই প্রশিক্ষণের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাংগঠনিক সম্পাদক এমএম জসিম, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

/এমআর/