শিরোনাম

মিরপুরে যুবদল নেতাসহ দুজন গুলিবিদ্ধ

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
মিরপুরে যুবদল নেতাসহ দুজন গুলিবিদ্ধ
মিরপুরে গোলাগুলির খবরে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়

রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় দুর্বৃত্তদের গুলিতে যুবদলের এক নেতাসহ দুজন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মিরপুর-১৩ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর স্থানীয় লোকজন এক অস্ত্রধারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

আহত ব্যক্তিরা হলেন কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমান এবং বিএনপির কর্মী মো. ইউসুফ।

স্থানীয় বাসিন্দা ও বিএনপির কর্মী মো. সুজন জানান, রাতে হাফিজুর রহমানসহ সাত থেকে আটজন এলাকায় অবস্থান করছিলেন। এ সময় তিনজন অস্ত্রধারী এসে তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে হাফিজুর রহমানের শরীরে দুটি এবং ইউসুফের বুকে একটি গুলি লাগে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার সময় উপস্থিত লোকজন ধাওয়া দিয়ে এক অস্ত্রধারীকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গুলির ঘটনায় দুজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়দের হাতে আটক একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ জানিয়েছে, কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।

/এমআর/