শিরোনাম

নোবিপ্রবিতে ছাত্রদলের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫

নোবিপ্রবি সংবাদদাতা
নোবিপ্রবি সংবাদদাতা
নোবিপ্রবিতে ছাত্রদলের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫
নোবিপ্রবিতে ছাত্রদলের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্রদলের দুই পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সালাম হল এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শাখা ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক হাসিবুল হোসেনের অনুসারীদের সঙ্গে সিনিয়র সহসভাপতি সাব্বির হোসেন শান্তর অনুসারীদের মধ্যে বিরোধকে কেন্দ্র করে এ সংঘর্ষ ঘটে।

অভিযোগ উঠেছে, ঘটনার সময় শান্তর গ্রুপ বহিরাগতদের এনে হলে প্রতিপক্ষ গ্রুপের ওপর হামলা চালায়। দফায় দফায় চলা সংঘর্ষের এক পর্যায়ে নোবিপ্রবি ছাত্রদলের সভাপতি এবং সেক্রেটারির রুমে ব্যাপক ভাঙচুর চলানো হয়। এছাড়াও, নোবিপ্রবির সালাম ও মালেক হলের বিভিন্ন রুম ভাঙচুর করা হয়।

পরবর্তীতে, সালাম হল প্রাঙ্গণ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের নেতাকর্মীরা একজোটে সাব্বির গ্রুপের অনুসারীদের ধাওয়া দেয়। ধাওয়া-পাল্টা ধাওয়া গড়ায় অডিটোরিয়াম থেকে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণ পর্যন্ত। সেখানে উভয় পক্ষ সংঘর্ষ ও মারামারিতে জড়িয়ে পড়ে। এতে অন্তত পাঁচজন আহত হন।

এদিকে, ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টরিয়াল বডি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী ঘটনাস্থল পরিদর্শন ও আহতদের দেখে জানান, ‘আমরা এ নিয়ে তদন্ত কমিটি গঠন করেছি। আমাদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা এখানে আছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অতিদ্রুত এ ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।’

এর আগে, গতকাল সোমবার গভীর রাতে ছাত্রদলের দু’পক্ষের মধ্যে মালেক হল এবং পকেট গেট সংলগ্ন এলাকায় সংঘর্ষ হয়। উক্ত ঘটনার জেরে আজ দুপুরে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে।

/এফআর/