শিরোনাম

বিশ্বকাপ খেলা দেখা নিয়ে সংঘর্ষ, শাস্তির আওতায় জাবির ২ শিক্ষার্থী

জাবি প্রতিনিধি
জাবি প্রতিনিধি
বিশ্বকাপ খেলা দেখা নিয়ে সংঘর্ষ, শাস্তির আওতায় জাবির ২ শিক্ষার্থী
আসাদুজ্জামান ইমন ও সাহানুর রহমান সানজু। কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মুক্তমঞ্চে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল ম্যাচ উপভোগকে কেন্দ্র করে সংঘর্ষ ও মারধরের ঘটনায় এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। একই ঘটনায় আরেক শিক্ষার্থীর আবাসিক হলে অবস্থান, অ্যাকাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ এবং বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সংশ্লিষ্ট সব কার্যক্রমে সম্পৃক্ততার ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ জুন রাতে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আয়োজিত বড় পর্দায় আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার ফুটবল ম্যাচ দেখতে যান জাবির প্রত্নতত্ত্ব বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী নাঈম আহমদ সানি। তবে খেলা শুরুর নির্ধারিত সময়ের মধ্যে সম্প্রচার শুরু না হয়ে সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) একটি রম্য বিতর্ক অনুষ্ঠান চলছিল।

ভুক্তভোগী শিক্ষার্থী সানির অভিযোগ অনুযায়ী, রাত ১১টার দিকে খেলা দেখানোর জন্য ব্যবহৃত পর্দা বন্ধ হয়ে গেলে জাকসুর ক্রীড়া সম্পাদক মাহমুদুর রহমান কিরণ মঞ্চ থেকে ঘোষণা দেন যে, দর্শনার্থীরা মঞ্চসংলগ্ন এলাকা ত্যাগ না করা পর্যন্ত খেলার সম্প্রচার পুনরায় চালু করা হবে না। এ সময় দ্রুত খেলা প্রদর্শনের পক্ষে কথা বলায় তার সঙ্গে কিরণের বাকবিতণ্ডা শুরু হয়।

সানির দাবি, একপর্যায়ে মাহমুদুর রহমান কিরণ মঞ্চ থেকে নেমে এসে তাকে ধাক্কা দেন। পরে কিরণ, আসাদুজ্জামান ইমন, সাহানুর রহমান সানজুসহ কয়েকজন মিলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করেন। এমনকি পতাকা পেঁচিয়ে তার শ্বাসরোধের চেষ্টাও করা হয় বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার পর অভিযুক্ত হিসেবে বাংলা বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী ও জাকসুর ক্রীড়া সম্পাদক মাহমুদুর রহমান কিরণ, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের শিক্ষার্থী আসাদুজ্জামান ইমন এবং দর্শন বিভাগের শিক্ষার্থী সাহানুর রহমান সানজুর নাম সামনে আসে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের জারি করা আদেশ অনুযায়ী, আসাদুজ্জামান ইমনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি সাহানুর রহমান সানজুর ক্ষেত্রে আবাসিক হলে অবস্থান, অ্যাকাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ এবং বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কার্যক্রমে সম্পৃক্ততার ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের ঘটনার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। একই সঙ্গে সংশ্লিষ্ট ঘটনার তদন্ত ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে প্রয়োজনবোধে ভবিষ্যতে আরও সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে।

/এফআর/