শিরোনাম

হলের সিট নিয়ে সংঘর্ষের পর নোবিপ্রবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত

নোবিপ্রবি সংবাদদাতা
নোবিপ্রবি সংবাদদাতা
হলের সিট নিয়ে সংঘর্ষের পর নোবিপ্রবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) হলের সিট নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে দুই পক্ষের সংঘর্ষের পর শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শিগগিরই বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

মঙ্গলবার (১৮ আগস্ট) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের অনুমোদনক্রমে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, নোবিপ্রবি শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হলো এবং শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে। তবে সেখানে কোনো কারণ উল্লেখ করা হয়নি।

এর আগে, সিট নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে গতকাল সোমবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের আব্দুল মালেক উকিল হল ও পকেট গেট সংলগ্ন এলাকায় ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

ওই ঘটনার জের ধরে মঙ্গলবার দুপুরে ফের দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষ চলাকালে শাখা ছাত্রদলের দুইপক্ষের অন্তত পাঁচজন আহত হন। এ সময় সংবাদ সংগ্রহকালে দুই সাংবাদিককে হেনস্তারও অভিযোগ ওঠে। এসব ঘটনার পরপরই নোবিপ্রবি শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

/এফআর/