শিরোনাম

৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে তৃতীয় রুয়েটের তুর্য্য

রুয়েট প্রতিনিধি
রুয়েট প্রতিনিধি
৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে তৃতীয় রুয়েটের তুর্য্য
হাসান মাহমুদ তুর্য্য।

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। এতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৬ সিরিজের শিক্ষার্থী হাসান মাহমুদ তুর্য্য পুলিশ ক্যাডারে মেধাক্রমে তৃতীয় স্থান অর্জন করে সাফল্যের স্বাক্ষর রেখেছেন।

তুর্য্য রুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী। এর আগে, বিগত ৪৬তম বিসিএসেও তিনি প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। টানা দুই বিসিএসে ভিন্ন দুটি গুরুত্বপূর্ণ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে তিনি নিজের মেধা ও যোগ্যতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

জানা গেছে, হাসান মাহমুদ তুর্য্য নেত্রকোনার আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং নটরডেম কলেজ, ময়মনসিংহ থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয়ে স্নাতক সম্পন্ন করেন।

এদিকে, তুর্য্যের এই অর্জনে রুয়েটজুড়ে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। শিক্ষক, সহপাঠী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা তার এ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, রবিবার (২৮ জুন) ৪৭তম বিসিএসের ফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ফলাফলে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ মোট ১ হাজার ৫২১ জন প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

/এফআর/