শিরোনাম

‘গবেষণাপত্রের সংখ্যা নয়, মান বাড়াতে হবে’

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
‘গবেষণাপত্রের সংখ্যা নয়, মান বাড়াতে হবে’
সেমিনারে কথা বলছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

গবেষকদের মানসম্মত গবেষণাপত্র প্রকাশের আহ্বান জানিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। সোমবার (৩ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সেমিনারে এ আহ্বান জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের উদ্যোগে ‘২০২৫-২৬ অর্থবছরের গবেষণা প্রকল্প’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, গবেষণাই একটি বিশ্ববিদ্যালয়ের উৎকর্ষতার মূল ভিত্তি। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে গবেষণার কোনো বিকল্প নেই। আধুনিক বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্ব অপরিসীম হলেও নজরুল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। তাই বিশ্ববিদ্যালয়ে গবেষণাকে উৎসাহিত করতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদে ‘শ্রেষ্ঠ গবেষক’ নির্বাচন করে নগদ অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানের মৌলিক বিষয়গুলো চালুর লক্ষ্যে ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে এবং দ্রুত সেগুলো বাস্তবায়ন করা হবে।

এসময়, গবেষকদের শুধু গবেষণাপত্রের সংখ্যা বাড়ানোর পরিবর্তে, মানসম্মত গবেষণা প্রকাশ এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নিজ নিজ গবেষণা প্রোফাইল হালনাগাদের আহ্বান জানান উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক ড. মো. হাবিবুর রহমান। সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ এইচ এম কামাল। স্বাগত বক্তব্য দেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহবুবুন নাহার।

সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. হাসান খালেদ রউফ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনভাইরনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. বদিউজ্জামান খান এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অর্থায়নে পরিচালিত ২০২৫-২৬ অর্থবছরের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের মোট ২৪টি গবেষণা প্রকল্প এ সেমিনারে উপস্থাপন করা হয়।

/এফআর/