শিরোনাম

নজরুল বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় খেলার মাঠ উদ্বোধন

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
নজরুল বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় খেলার মাঠ উদ্বোধন
বেলুন উড়িয়ে জুলাই-আগস্ট শহিদদের স্মরণে ‘আন্তঃঅনুষদ ছাত্র ফুটবল প্রতিযোগিতা-২০২৬’- এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেনসহ অন্যরা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় খেলার মাঠের উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। একই সঙ্গে জুলাই-আগস্ট শহিদদের স্মরণে ‘আন্তঃঅনুষদ ছাত্র ফুটবল প্রতিযোগিতা-২০২৬’- এর উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় ছয়টি অনুষদের ছয়টি দল অংশ নিচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা যেমন সুস্থ জীবনযাপনে অভ্যস্ত হয়, তেমনি নানা ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকেও দূরে থাকতে পারে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান ৫৭ একর ক্যাম্পাস সম্প্রসারণ করে আরও ৭৫ একর জমি অধিগ্রহণের কার্যক্রম অনেক দূর এগিয়েছে। জমি অধিগ্রহণ সম্পন্ন হলে সেখানে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ, অতিরিক্ত খেলার মাঠ এবং সুইমিংপুলের ব্যবস্থা করা হবে। ভবিষ্যতে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করতে পারে– এমন খেলোয়াড় গড়ে তোলাই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ এইচ এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ-সুখন), আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক মো. হাফিজুর রহমান এবং প্রকল্প পরিচালক সৈয়দ মোফাছিরুল ইসলাম।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. হাবিবুর রহমান ও সদস্য সচিব মামুন সরকার উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার উদ্বোধনী দিনে ব্যবসায় প্রশাসন অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদের পাশাপাশি কলা অনুষদ ও চারুকলা অনুষদের মধ্যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। আগামী ৫ আগস্ট (বুধবার) একই মাঠে প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

/এফআর/