শিরোনাম

তিতুমীর কলেজে আবাসিক হলের ফি কমানোর দাবি

তিতুমীর কলেজ সংবাদদাতা
তিতুমীর কলেজ সংবাদদাতা
তিতুমীর কলেজে আবাসিক হলের ফি কমানোর দাবি
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

সরকারি তিতুমীর কলেজের আবাসিক হলের ফি কমানোর দাবিতে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থীদের একাংশ। বৃহস্পতিবার (১৬ জুলাই)  কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

এ সময় শিক্ষার্থীদের ‘হল নিয়ে বাণিজ্য চলবে না, চলবে না’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না, চলবে না’, ‘সিন্ডিকেটের কালো হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘শিক্ষা ও সন্ত্রাস একসাথে চলবে না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

শিক্ষার্থীরা জানান, বর্তমানে নির্ধারিত ৮ হাজার টাকা হল ফি কমিয়ে ৬ হাজার টাকা করার দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন তারা। এ বিষয়ে একাধিকবার কলেজ প্রশাসনের সঙ্গে আলোচনা করলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান বা ইতিবাচক সিদ্ধান্ত পাওয়া যায়নি বলে অভিযোগ আন্দোলনকারীদের।

সংবাদ সম্মেলনে আবাসিক শিক্ষার্থী  আহম্মেদ আসহাব সোভন বলেন, গত বছরের মতো এবারও তিতুমীর কলেজের হল ফি অযৌক্তিকভাবে ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। যেখানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্যান্য কলেজে হল ফি ৬ হাজার টাকা। বারবার দাবি জানিয়েও প্রশাসনের কোনো সাড়া মেলেনি।

তিনি অভিযোগ করে বলেন, একটি বেডে দুইজন করে শিক্ষার্থী থাকলেও পূর্ণ ৮ হাজার টাকা করে আদায় করা হচ্ছে, যা শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে। অধিকাংশ আবাসিক শিক্ষার্থী মফস্বল থেকে আসা এবং সীমিত সামর্থ্যের হওয়ায় প্রশাসনের উচিত শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নিয়ে হল ফি কমিয়ে আনা। অন্যথায় কেন ফি কমানো সম্ভব নয়, তার যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে।

আবাসিক শিক্ষার্থী ইমরান মোল্লা বলেন, বারবার দাবি জানিয়েও হল ফি কমানোর বিষয়ে প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণে ব্যর্থ হলে প্রশাসনের দায় স্বীকার করে পদত্যাগ করা উচিত এবং শিক্ষার্থীবান্ধব প্রশাসনের পথ তৈরি করা উচিত।

শিক্ষার্থীরা দ্রুত তাদের দাবির যৌক্তিক সমাধান এবং হল ফি পুনর্বিবেচনার জন্য কলেজ প্রশাসনের প্রতি আহ্বান জানান। একই সাথে হল ফি পুনঃ নির্ধারণ ও সময় বাড়ানো না হলে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দেন তারা।  

এসব বিষয়ে কলেজটির অধ্যক্ষ ছদরুদ্দিন আহমেদের সঙ্গে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

/এফআর/