জাবির দুই ছাত্রদল নেতা বহিষ্কার

জাবি প্রতিনিধি
জাবি প্রতিনিধি
জাবির দুই ছাত্রদল নেতা বহিষ্কার
সৈয়দা অনন্যা ফারিয়া ও ইমাম হোসেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের দুই সদস্যকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন– বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ৪৯তম আবর্তনের শিক্ষার্থী সৈয়দা অনন্যা ফারিয়া এবং ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী ইমাম হোসেন। তারা দুজনই শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি সদস্য ছিলেন।

ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সৈয়দা অনন্যা ফারিয়া ও ইমাম হোসেনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এ সিদ্ধান্তে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অনুমোদন দিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে ইমাম হোসেন বলেন, ‘এ বিষয়ে আমি কোনো কমেন্ট করবো না।’

অন্যদিকে, সৈয়দা অনন্যা ফারিয়ার বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতেই তাদের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

/এফআর/