শিরোনাম

চুরি ঠেকাতে বেরোবির হলে কার্ড ব্যবস্থা চালু

বেরোবি সংবাদদাতা
চুরি ঠেকাতে বেরোবির হলে কার্ড ব্যবস্থা চালু

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আবাসিক হলগুলোতে যানবাহন চুরির ঘটনায় ‘কার্ড ব্যবস্থা’ চালু করেছে শহীদ মুখতার ইলাহী হল প্রশাসন। বুধবার (২০ মে) এ কার্যক্রম চালু করা হয়।

হল সূত্রে জানা যায়, আবাসিক শিক্ষার্থী সাইকেল বা মোটরসাইকেল হলে রাখলে তাকে একটি নির্দিষ্ট কার্ড দেওয়া হবে। পরে যানবাহন নিয়ে বের হওয়ার সময় সেই কার্ড জমা দিতে হবে। এর ফলে কেউ সাইকেল বা মোটরসাইকেল চুরি করে নিয়ে যেতে পারবে না বলে মনে করছে হল প্রশাসন।

এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান বলেন, গত কয়েক বছরে সাইকেল চুরির একাধিক অভিযোগ এসেছে। শিক্ষার্থীদের মালামাল নিরাপদ রাখতে হল প্রশাসন এ কার্ড ব্যবস্থা চালু করেছে। পাশাপাশি হলে সিসি ক্যামেরাও স্থাপন করা হয়েছে। আশা করছি, এখন আর চুরির ঘটনা ঘটবে না।

উল্লেখ্য, গত রমজানের ছুটিতে হলে প্রায় দেড় লাখ টাকার নেটওয়ার্ক সুইচ চুরির ঘটনা ঘটে। এছাড়াও বিভিন্ন সময়ে সাইকেল ও ল্যাপটপ চুরির ঘটনাও ঘটেছে।

/এসআর/