শিরোনাম
দি ইমপ্যাক্ট র‌্যাঙ্কিং ২০২৬

এক লাফে ৬০০ ধাপ এগিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাবি সংবাদদাতা
ঢাবি সংবাদদাতা
এক লাফে ৬০০ ধাপ এগিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রতীকী ছবি

যুক্তরাজ্যভিত্তিক স্বনামধন্য উচ্চশিক্ষা বিষয়ক সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন (দি)’ প্রকাশিত ইমপ্যাক্ট র‌্যাঙ্কিং ২০২৬-এ অভাবনীয় সাফল্য পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। গত বছরের তুলনায় এক লাফে ৬০০ ধাপ এগিয়ে বৈশ্বিক তালিকায় নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে দেশের প্রাচীনতম এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি। বুধবার (২৪ জুন) প্রকাশিত এই র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বৈশ্বিক তালিকায় ৪০১-৬০০ ব্যান্ডের মধ্যে স্থান করে নিয়েছে। এর আগে গত বছর এই তালিকায় বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিল ১০০১-১৫০০ ব্যান্ডে।

জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, নীতিমালা ও সামাজিক সম্পৃক্ততার ভিত্তিতে বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম মূল্যায়ন করে এই র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়। এবারের র‌্যাঙ্কিংয়ে বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের মোট ১ হাজার ৬৪৬টি বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করে মূল্যায়ন করা হয়েছে।

এবারের র‌্যাঙ্কিংয়ে বিভিন্ন এসডিজি সূচকে ঢাবি উল্লেখযোগ্য অবস্থান অর্জন করেছে। এর মধ্যে সবচেয়ে বড় অর্জন এসেছে ‘পিস, জাস্টিস অ্যান্ড স্ট্রং ইনস্টিটিউশনস’ (এসডিজি-১৬) সূচকে, যেখানে বিশ্বের মধ্যে ২৪তম স্থান অর্জন করেছে ঢাবি। এছাড়া ‘সাসটেইনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিজ’ (এসডিজি-১১) এবং ‘পার্টনারশিপস ফর দ্য গোলস’ (এসডিজি-১৭) সূচকে ১০১-২০০ ব্যান্ডে রয়েছে বিশ্ববিদ্যালয়টি। ‘ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ’ (এসডিজি-৮)-এ ২০১-৩০০ ব্যান্ডে; ‘নো পোভার্টি’ (এসডিজি-১) এবং ‘কোয়ালিটি এডুকেশন’ (এসডিজি-৪)-এ ৩০১-৪০০ ব্যান্ডে অবস্থান করছে ঢাবি।

পাশাপাশি ‘গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং’ (এসডিজি-৩) ও ‘রিডিউসড ইনইক্যুয়ালিটিস’ (এসডিজি-১০)-এ ৪০১-৬০০ এবং ‘জেন্ডার ইক্যুয়ালিটি’ (এসডিজি-৫)-তে ৬০১-৮০০ ব্যান্ডের মধ্যে স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

এই অনন্য অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই উল্লেখযোগ্য অগ্রগতি আমাদের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে শিক্ষা, গবেষণা ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক কার্যক্রম আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। বিশেষ করে ‘পিস, জাস্টিস অ্যান্ড স্ট্রং ইনস্টিটিউশনস’ সূচকে বিশ্বের ২৪তম স্থান অর্জন আমাদের জন্য অত্যন্ত গৌরবের।’

উপাচার্য আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জ্ঞানভিত্তিক গবেষণা, উদ্ভাবন, সুশাসন, সামাজিক অন্তর্ভুক্তি এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই অর্জন মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উৎকর্ষ এবং সমাজকল্যাণে অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি।’

/এফআর/