শিরোনাম

ব্রাজিলের বিদায়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী হাসপাতালে

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
ব্রাজিলের বিদায়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী হাসপাতালে
ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন এক শিক্ষার্থী।

বিশ্বকাপ ফুটবলের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোরে পরাজিত হয়েছে ব্রাজিল। আর প্রিয় দলের এমন পরাজয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন– বিভাগের ব্রাজিল ফ্যান ক্লাবের সভাপতি কামরুল হাসান তুষার এবং সহসভাপতি মাশরুফা শারমীন এ্যানি। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তারা দুজনই সুস্থ রয়েছেন।

জানা যায়, গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে খেলা উপভোগ শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শিউলিমালা হলের আবাসিক শিক্ষার্থী মাশরুফা শারমীন এ্যানি।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রক্তচাপ কমে গিয়ে তিনি মাথা ঘুরে পড়ে যান এবং পরপর পাঁচবার বমি করেন। পরে সহপাঠীরা দ্রুত তাকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা ইনজেকশন ও স্যালাইনের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

একই সময়ে অসুস্থ হয়ে পড়েন বিভাগের ব্রাজিল ফ্যান ক্লাবের সভাপতি কামরুল হাসান তুষার। পরে তাকেও ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে তিনিও সুস্থ রয়েছেন।

এ্যানির সহপাঠী মাসুম মিয়া বলেন, ‘খেলা শেষ হওয়ার পর থেকেই এ্যানি খুব ভেঙে পড়েছিল। হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। পরে আমরা দুজনকেই দ্রুত হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসা শেষে এখন তারা আগের চেয়ে অনেকটাই সুস্থ।’

উল্লেখ্য, বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দলের এমন বিদায়ে বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকদের মধ্যে হতাশার ছাপ দেখা যায়।

/এফআর/