শিরোনাম

প্রভোস্টের রুমে তালা দেওয়ায় ঢাবির হল সংসদের ভিপিকে শোকজ

ঢাবি সংবাদদাতা
ঢাবি সংবাদদাতা
প্রভোস্টের রুমে তালা দেওয়ায় ঢাবির হল সংসদের ভিপিকে শোকজ
ফজলুল হক মুসলিম হল সংসদের ভিপি খোন্দকার আবু নাঈম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে প্রভোস্টের রুম তালাবদ্ধ ও সিলগালা করার ঘটনায় হল সংসদের ভিপি খোন্দকার আবু নাঈমকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে প্রশাসন। এতে আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দপ্তর থেকে আবু নাঈমকে এ নোটিশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়, গত ১৬ আগস্ট ফজলুল হক মুসলিম হলে সংঘটিত একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটির কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে ২০ আগস্ট হল অফিসের মাধ্যমে অবগত হওয়া যায়, আবু নাঈম প্রভোস্টের কক্ষ তালাবদ্ধ ও সিলগালা করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি-বিধান ও প্রশাসনিক রীতি অনুযায়ী, প্রশাসনের অনুমোদন বা নির্দেশনা ছাড়া কোনো প্রশাসনিক ভবন, অফিস বা কক্ষ তালাবদ্ধ, অবরুদ্ধ কিংবা সিলগালা করার এখতিয়ার কোনো ব্যক্তির নেই বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি-বিধান পরিপন্থী ও প্রশাসনিকভাবে গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হওয়ায় আবু নাঈমকে তার বক্তব্য লিখিতভাবে জানানোর সুযোগ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না দিলে প্রচলিত বিধি অনুযায়ী পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

এদিকে, শোকজের বিষয়ে সিটিজেন জার্নালকে আবু নাঈম বলেন, ফজলুল হক মুসলিম হলের ভিপি হিসেবে আমি বলতে চাই যে, প্রোভোস্ট রুম তালাবদ্ধ করার জন্য আমাকে শোকজ লেটার দেওয়া হয়েছে। এ ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যেই প্রোভোস্টের নির্যাতনের বিচার বিশ্ববিদ্যালয় প্রশাসন করতে পারেনি বা করতে চায়নি, সেটার বিপরীতে আমাদের মুখ বন্ধ করার জন্য চাপ প্রয়োগ করে এই শোকজ লেটারটি আমাদের পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আমাকে, ভিক্টিমকে এবং আমাদের হলের সমাজসেবা সম্পাদক তরিকুল ইসলামসহ তিনজনকে আলাদা করে চিঠি পাঠানো হয়েছে। ফজলুল হক মুসলিম হলের ভিপি হিসেবে আমি বলতে চাই, এই ধরনের ফ্যাসিবাদী কায়দায় বল প্রয়োগ বা চাপ প্রয়োগ করে আমাদের দমানো যাবে না এবং আমার ভাইয়ের ন্যায়বিচার নিশ্চিত না করে থামবো না।

/এফআর/