শিরোনাম

চবিতে নতুন শাটল ট্রেন চালুর আশ্বাস রেলমন্ত্রীর

চবি সংবাদদাতা
চবিতে নতুন শাটল ট্রেন চালুর আশ্বাস রেলমন্ত্রীর
রেলমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সাক্ষাতে চবি শাখা ছাত্রদলের নেতার্মীরা। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের চলমান সংকট নিরসনে রেলমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় রেলমন্ত্রী চবি শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে শিগগিরই নতুন শাটল ট্রেন চালু এবং বিদ্যমান ট্রেনে বগি বাড়ানোর আশ্বাস দেন। রোববার (১৯ এপ্রিল) সিটিজেন জার্নালকে এসব তথ্য জানান চবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।

এর আগে, গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে আব্দুল্লাহ আল নোমান রেলমন্ত্রীর কাছে শাটল ট্রেনে যাতায়াতকারী শিক্ষার্থীদের ভোগান্তির চিত্র তুলে ধরেন। এ সময় তিনি নতুন শাটল ট্রেন চালু, যাত্রীচাপ কমাতে বিদ্যমান ট্রেনে বগি বৃদ্ধি এবং শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্বসহকারে উপস্থাপন করেন।

শাটল ট্রেনের নানা সমস্যা নিয়ে রেলমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে কথা বলেন চবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। ছবি: সংগৃহীত
শাটল ট্রেনের নানা সমস্যা নিয়ে রেলমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে কথা বলেন চবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। ছবি: সংগৃহীত

জানতে চাইলে আব্দুল্লাহ আল নোমান বলেন, শাটল ট্রেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবেগের জায়গা হলেও তা এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। শাটলে আসন সংকট, নিরাপত্তাহীনতা প্রকট আকার ধারণ করেছে। আমরা চবি ছাত্রদলের পক্ষ থেকে রেলমন্ত্রীর কাছে এসব সমস্যার চিত্র তুলে ধরেছি।

তিনি আরও বলেন, ২৮ হাজার শিক্ষার্থীর মধ্যে অর্ধেকের বেশি ছাত্র-ছাত্রী এই শাটলে চলাচল করে। আমরা মন্ত্রী মহোদয়ের কাছে এক জোড়া নতুন শাটল ট্রেন ও বিদ্যমান শাটলে অতিরিক্ত বগি সংযোজনের দাবি জানিয়েছি। পাশাপাশি শাটলে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছি।

রেলমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন জানিয়ে আব্দুল্লাহ আল নোমান বলেন, রেলমন্ত্রী আমাদের দাবি মনোযোগ দিয়ে শুনেছেন। শিগগিরই নতুন শাটল ট্রেন ও বগি বৃদ্ধির আশ্বাস দিয়েছেন।

সাক্ষাৎকালে চবি শাখা ছাত্রদলের সহসভাপতি আজিজুল হক মামুন, প্রচার সম্পাদক ও শাহজালাল হল সংসদের এজিএস ইমতিয়াজ জাবেদ এবং মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাহার হোসেন ইশতিয়াক প্রমুখ উপস্থিত ছিলেন।

/এফআর/