শিরোনাম

ছাত্রদল আমাদের মেরে লাইমলাইটে আসতে চায়: শিবির সভাপতি

কুবি সংবাদদাতা
কুবি সংবাদদাতা
ছাত্রদল আমাদের মেরে লাইমলাইটে আসতে চায়: শিবির সভাপতি
নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রশিবিরের ওপর হামলা করে লাইমলাইটে আসতে চায় বলে মন্তব্য করেছেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। বুধবার (১২ আগস্ট) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কুমিল্লা শহরের ফান টাউন পার্কে আয়োজিত এ অনুষ্ঠানে কুবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোজ্জামেল হোসাইন আবিরের সভাপতিত্বে এবং সেক্রেটারি সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘ছাত্রদল বিভিন্ন ক্যাম্পাসে আমাদের ছাত্রশিবিরের ভাইদের ওপর হামলা করে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কিন্তু আমরা পাল্টা হামলা করিনি। তার মানে এই না যে, আমাদের শক্তি নাই। শক্তি থাকলেই যে তা সব জায়গায় প্রদর্শন করতে হবে, এমন না। ছাত্রশিবির পেশিশক্তি প্রদর্শন করে না। ছাত্রদল মূলত আমাদের মেরে লাইমলাইটে আসতে চায়।’

তিনি আরও বলেন, ‘ছাত্রদলের সাথে আমরা মেধার প্রতিযোগিতা করতে চাই। আমরা একটা শিক্ষার্থীবান্ধব কাজ করলে আপনারা বিশটা করেন, আমরা এটাই চাই। কিন্তু তারা তা না করে পড়াশোনা শেষ করে চাচার বয়সি হওয়ার পরেও ক্যাম্পাসে অবস্থান নিয়ে হল দখল করছে। তাদের ইনটেনশন কী, সেটা সাধারণ শিক্ষার্থীরা বুঝে গেছে।’

শিবির সভাপতি বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল পুনরায় গণরুম-গেস্টরুম চালু করার পাঁয়তারা করছে। আমরা এসবের বিরুদ্ধে কথা বলেছি। সাধারণ শিক্ষার্থীরা এসব আর মেনে নেবে না। আমি সাধারণ শিক্ষার্থীদের আহ্বান জানায়, আপনারা সতর্ক থাকুন। নিজেদের অধিকার নিজেদেরই আদায় করে নিতে হবে।’

অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম, কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আব্দুল মোহাইমেন, কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মোজাহেরুল ইসলাম এবং কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক ইউসুফ ইসলাহী প্রমুখ উপস্থিত ছিলেন।

/এফআর/