শিরোনাম

গবেষণা পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ২১ শিক্ষক

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
গবেষণা পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ২১ শিক্ষক
গবেষণা পুরস্কার প্রদান অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেনসহ অন্যরা। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২১ শিক্ষকক ‘রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬’ দেওয়া হয়েছে। গবেষণা, বই প্রকাশ ও ‘কিউ-১’ জার্নালে প্রবন্ধ প্রকাশের স্বীকৃতি হিসেবে তাদের এ সম্মাননা দেওয়া হয়।

রবিবার (৯ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে শিক্ষক সমিতির আয়োজনে এ পুরস্কার প্রদান করা হয়েছে। ব্যাংক এশিয়ার অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মাছুমা হাবিব বলেন, ‘গবেষণায় পুরস্কার শিক্ষকদের আরও উৎসাহিত করবে। বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের করতে গবেষণার বিকল্প নেই। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও গবেষণামুখী করে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে।’

ইউজিসির পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য গত বছর যে বরাদ্দ দেওয়া হয়েছিল, এ বছর তার চেয়ে আরও বেশি বরাদ্দ দেওয়া হবে।’

শিক্ষকদের পাঠদানের পাশাপাশি গবেষণায়ও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, অ্যাওয়ার্ড শুধু একটি পুরস্কার নয়, এটি কর্মের স্বীকৃতি। এতে পুরস্কারপ্রাপ্তরা আরও গবেষণায় উৎসাহিত হবেন এবং অন্যরাও গবেষণায় আগ্রহী হবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অ্যাওয়ার্ড প্রদান কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, সদস্য সচিব অধ্যাপক ড. এ এইচ এম কামাল, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. শফিকুল ইসলাম ও সভাপতি অধ্যাপক ড. তুষার কান্তি সাহা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজহারুল হোসেন তোকদার। এ সময় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, এ বছর পিএইচডি অর্জনের জন্য ৭ জন, বই প্রকাশের জন্য ৮ জন এবং কিউ-১ জার্নালে প্রবন্ধ প্রকাশের জন্য ৬ জন শিক্ষককে পুরস্কার দেওয়া হয়।

/এফআর/