চলন্ত শাটলে ঢাবি ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
চলন্ত শাটলে ঢাবি ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই
ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীর স্বর্ণের দুল ছিনতাইয়ের দৃশ্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসে চলন্ত শাটলে বসা এক ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় হাজী মুহম্মদ মুহসীন হল মাঠসংলগ্ন গেটের সামনে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে থাকা এক ব্যক্তি শাটলের পাশে এসে দুলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ করেছেন ওই শিক্ষার্থী।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম সানজিদা আক্তার। তিনি বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সানজিদার ভাষ্য, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২২ মিনিট থেকে ৭টা ২৬ মিনিটের মধ্যে তিনি মুক্তি ও গণতান্ত্রিক তোরণ থেকে শাটলে করে ক্যাম্পাসের দিকে যাচ্ছিলেন। শাটলটি মুহসীন হল মাঠসংলগ্ন গেটের কাছে পৌঁছালে সাদা জামা পরা এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে শাটলের পাশে আসেন। হঠাৎ তিনি সানজিদার কান থেকে টান দিয়ে একটি স্বর্ণের দুল ছিনিয়ে নেন। পরে মোটরসাইকেলে করে ভিসি চত্বরের দিকে চলে যান।

ঘটনার একটি সিসিটিভি ফুটেজও পাওয়া গেছে। এতে মোটরসাইকেলে থাকা এক ব্যক্তিকে শাটলের কাছে এসে দুল ছিনিয়ে নিয়ে দ্রুত চলে যেতে দেখা যায়।

ঘটনার পর আতঙ্কে রয়েছেন সানজিদা। তিনি বলেন, কান থেকে হঠাৎ টান দিয়ে দুল ছিনিয়ে নেওয়ায় কান ছিঁড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। ভাগ্য ভালো থাকায় বড় ধরনের আঘাত পাননি। তবে ঘটনার পর ক্যাম্পাসের বাইরে বের হতেও ভয় লাগছে তার।

সানজিদা বলেন, ‘ক্যাম্পাসের ভেতরে, তাও আবার চলন্ত শাটলে এমন ঘটনা ঘটল। আমার হয়তো ভাগ্য ভালো ছিল, কান ছিঁড়ে যায়নি। এখন ক্যাম্পাসে বের হতেও ভয় লাগছে।’

ঘটনাটি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন।

প্রক্টর বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে তার সরাসরি কথা হয়নি। তবে তাকে অভিযোগ দিতে বলা হয়েছে। একই সঙ্গে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।

ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসম্পন্ন ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান প্রক্টর। তার ভাষ্য, এ বিষয়ে উপাচার্য অনুমোদন দিয়েছেন এবং নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তবে ক্যাম্পাসের ভেতরে এমন ঘটনার অভিযোগের পর শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষ করে সন্ধ্যার পর হলসংলগ্ন সড়ক ও ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় নজরদারি এবং নিরাপত্তাকর্মীদের উপস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতের অন্যতম মাধ্যম শাটল। ক্যাম্পাসের বিভিন্ন গেট ও গুরুত্বপূর্ণ স্থান দিয়ে চলাচল করা এই পরিবহনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে প্রশাসনের আরও কার্যকর পদক্ষেপের দাবি উঠেছে।

বুধবার পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

/এমআর/