শিরোনাম

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা কবে, জানা গেলো তারিখ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা কবে, জানা গেলো তারিখ
কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

কৃষি গুচ্ছভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের ভর্তি পরীক্ষা আয়োজন ও সমন্বয়ের সার্বিক দায়িত্ব পালন করবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শেকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ জানিয়েছেন, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও সুন্দরভাবে সম্পন্ন করতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ও সুন্দর পরিবেশে পরীক্ষায় অংশ নিতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হবে।

ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণসহ পরবর্তী কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমন্বয় চলছে। তবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, আসনসংখ্যা, পরীক্ষার সময় ও কেন্দ্র-সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে ভর্তি পরীক্ষা কমিটির পক্ষ থেকে জানানো হবে।

কৃষি গুচ্ছ পদ্ধতিতে দেশের কৃষি ও কৃষিসংশ্লিষ্ট উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সমন্বিতভাবে শিক্ষার্থী ভর্তি করা হয়। এ কারণে প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক শিক্ষার্থী এই ভর্তি পরীক্ষায় অংশ নেন।

সর্বশেষ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় মোট ৯টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। বিশ্ববিদ্যালয়গুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

/টিই/