শিরোনাম

নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত প্রকৌশল ভবন উদ্বোধন

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত প্রকৌশল ভবন উদ্বোধন
নবনির্মিত প্রকৌশল ভবন উদ্বোধন অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেনসহ অন্যরা। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত প্রকৌশল ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন আনুষ্ঠানিকভাবে ভবনটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘বাংলা প্রবাদ আছে– ‘কামারের ভাঙা দা, ছুতারের ভাঙা নাও’। নিজেরাই তৈরি করতে পারেন বলেই অনেক সময় জোড়াতালি দিয়ে কাজ চালিয়ে নেন। একইভাবে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের অবকাঠামো খুব একটা উন্নত হয় না। তবে আমরা এর ব্যতিক্রম করতে চাই। প্রকৌশল দপ্তরকে একটি আধুনিক ও কার্যকর দপ্তর হিসেবে গড়ে তুলতে চাই।’

উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘শুধু ভবন নির্মাণ করাই বড় বিষয় নয়, এর যথাযথ রক্ষণাবেক্ষণও নিশ্চিত করতে হবে। ভবনটিকে নিজেদের বাড়ির মতো পরিচ্ছন্ন রাখতে হবে এবং দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ-সুখন), পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক মো. হাফিজুর রহমান, উপ-প্রধান প্রকৌশলী মোহাম্মদ মাহবুবুল ইসলাম, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, দপ্তরপ্রধান, প্রকৌশলী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা।

উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের সার্বিক সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মো. আব্দুল হাকীম।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দুইতলা ভিত্তির ওপর নির্মিত দুইতলা বিশিষ্ট এই প্রকৌশল ভবনটি ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত হয়েছে।

/এফআর/