শিরোনাম

ক্লাস-পরীক্ষায় অংশ নিতে পারবেন না জবির সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা

জবি প্রতিনিধি
ক্লাস-পরীক্ষায় অংশ নিতে পারবেন না জবির সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি: জাকির হোসেন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১১১তম সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোনো শিক্ষার্থী সাময়িকভাবে বহিষ্কৃত হলে এ সময়ে তিনি বিশ্ববিদ্যালয়ের কোনো ক্লাস, পরীক্ষা কিংবা অন্যান্য একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, শিক্ষাঙ্গনে শৃঙ্খলা বজায় রাখা এবং স্বাভাবিক একাডেমিক পরিবেশ নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে সিদ্ধান্তটি অনুমোদন দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে অনেক ক্ষেত্রে সাময়িক বহিষ্কারের পরও শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেতেন। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বহিষ্কারের পুরো সময়জুড়ে সংশ্লিষ্ট শিক্ষার্থী সকল ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকবেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভাষ্য, এ সিদ্ধান্ত শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন মেনে চলার সংস্কৃতি জোরদারে সহায়ক ভূমিকা রাখবে।

ড. মো. রইছ উদ্‌দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ট্রেজারার ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনলাইনে সভায় অংশ নেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, সিন্ডিকেট সভায় গৃহীত এ সিদ্ধান্ত দ্রুত কার্যকর করা হবে।

/জেএইচ/