একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার
জনপ্রশাসন মন্ত্রণালয়। গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী কমিশনারকে (এসিল্যান্ড) প্রত্যাহার করেছে সরকার। তাদের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ন্যস্ত করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এসব কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে প্রত্যাহারপূর্বক পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হলো। পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত তারা সেখানে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ন্যস্ত থাকবেন।

এর মধ্যে বরিশাল, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, ঢাকা ও রংপুর বিভাগের বিভিন্ন উপজেলায় কর্মরত কর্মকর্তারা রয়েছেন।

প্রজ্ঞাপনে প্রত্যেক কর্মকর্তার নাম, পরিচিতি নম্বর, বর্তমান কর্মস্থল এবং কোন বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে তা উল্লেখ করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন।

প্রজ্ঞাপনের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, ভূমি মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনটি বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিসের পরবর্তী গেজেট সংখ্যায় প্রকাশের জন্যও অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং গভর্নমেন্ট এমপ্লয়িজ ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএমএস) হালনাগাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

/জেএইচ/