শিরোনাম

গুঞ্জনের মধ্যে আবারো রাজউকের ভূমি শাখার দায়িত্বে শেখ মতিয়ার

নিজস্ব প্রতিবেদক
গুঞ্জনের মধ্যে আবারো রাজউকের ভূমি শাখার দায়িত্বে শেখ মতিয়ার

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে (রাজউক) আবারও গুরুত্বপূর্ণ এস্টেট ও ভূমি শাখার দায়িত্ব পেয়েছেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তা শেখ মতিয়ার রহমান।

বৃহস্পতিবার (২১ মে) জারি করা এক অফিস আদেশে তাকে সদস্য (প্রশাসন ও অর্থ) পদ থেকে সদস্য (এস্টেট ও ভূমি) হিসেবে বদলি করা হয়েছে। একই আদেশে বর্তমান সদস্য মো. শামছুল আলমকে এস্টেট ও ভূমি শাখা থেকে প্রশাসন ও অর্থ শাখায় দায়িত্ব দেওয়া হয়েছে।

জানা গেছে, বিসিএস ১৫ ক্যাডারের কর্মকর্তা শেখ মতিয়ার রহমান প্রথমে রাজউকের সদস্য (এস্টেট ও ভূমি) হিসেবে দায়িত্ব পান। পরে তিনি সংস্থাটির চেয়ারম্যান হওয়ার তৎপরতা শুরু করেন। এজন্য রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম তাকে সেখান থেকে সরিয়ে সদস্য (প্রশাসন ও অর্থ) পদে পদায়ন করেন। তবে কয়েক মাসের ব্যবধানে আবারও রাজউকের প্রভাবশালী ও ‘লোভনীয়’ পদ হিসেবে পরিচিত এস্টেট ও ভূমি শাখায় ফিরলেন শেখ মতিয়ার রহমান। এ নিয়ে প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তাকে ঘিরে রাজউকে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম পূর্বে সরকারি চেয়ারের দায়িত্ব পালন করেননি। তিনি প্রকৌশলীদের বিএনপিপন্থী নেতা হিসেবে পরিচিত। গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি প্রথমে রাজউকের সদস্য এবং পরে চেয়ারম্যান পদে আসীন হন। এরপর রাজধানীর গুলশান, বনানী এবং বারিধারা এলাকায় রাজউকের মালিকানাধীন বিতর্কিত প্লটগুলো বিভিন্ন মহলের কাছে ছেড়ে দেওয়ার উদ্যোগ নিয়ে সমালোচিত হন।

রাজউকের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বর্তমান চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর সংস্থাটির কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। সেই সুবাদে শেখ মতিয়ার রহমান যেকোনো সময় সংস্থাটির চেয়ারম্যান পদে আসতে পারেন বলে রাজউকের ভেতরে এখন জোর গুঞ্জন চলছে।

/জেএইচ/