শিরোনাম

১৬ জেলায় ঝড়ের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৬ জেলায় ঝড়ের আশঙ্কা
ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

দেশের ১৬ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শুক্রবার (১৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (১৭ জুলাই) রাত ১টার মধ্যে রংপুর, রাজশাহী, পাবনা, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে আগামী ৫ দিনও দেশজুড়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের দাপট থাকতে পারে। সেই সঙ্গে এই সময়ে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় বিরাজমান সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপ আকারে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। সেই সঙ্গে মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ ছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

উল্লেখ্য,গত ২৪ ঘণ্টায় বান্দরবানে দেশের সর্বোচ্চ ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে ভোলায় ১৮ মিলিমিটার ছাড়াও নীলফামারীর সৈয়দপুরে ১৬, চট্টগ্রাম ও নোয়াখালীর হাতিয়ায় ১৩, খুলনা ও সিরাজগঞ্জের তাড়াশে ১২, বগুড়ায় ১০, গোপালগঞ্জে ৯, সাতক্ষীরায় ৮ মিলিমিটারসহ দেশের বেশকিছু অঞ্চলে বৃষ্টি হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

/এসবি/