শিরোনাম

রাজধানীসহ ১৬ জেলায় তীব্র ঝড়ের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
রাজধানীসহ ১৬ জেলায় তীব্র ঝড়ের আশঙ্কা
ঝড় ও বজ্রপাত। ছবি: সিটিজেন গ্রাফিক্স

রাজধানীসহ দেশের ১৬ জেলার ওপর দিয়ে রাত ১টা মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২৩ মে) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, এক দীর্ঘমেয়াদি এক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময়ে দেশে বিক্ষিপ্তভাবে শিলাসহ ৫-৭ দিন হালকা/মাঝারি যার মধ্যে ২-৩ দিন তীব্র কালবৈশাখি ঝড়সহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এ মাসে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।

এতে বলা হয়েছে, মে মাসে দেশে ১-৩ টি মৃদু (৩৬-৩৭.৯ সেলসিয়াস)/মাঝারি (৩৮-৩৯.৯ সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। যার মধ্যে ১টি তীব্র (৪০-৪১.৯ সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নদী সমূহের পানি সমতল সময় বিশেষে বাড়তে পারে।

/এসবি/