শিরোনাম

মেটাকে টেক্কা দিতে আসছে ইন্টেলিজেন্ট আইওয়্যার

সিটিজেন ডেস্ক
মেটাকে টেক্কা দিতে আসছে ইন্টেলিজেন্ট আইওয়্যার
অত্যাধুনিক স্মার্ট চশমা ইন্টেলিজেন্ট আইওয়্যার।

প্রযুক্তি জগতে নতুন চমক নিয়ে হাজির হয়েছে স্যামসাং ইলেকট্রনিক্স ও গুগল। যৌথভাবে তারা তৈরি করেছে অত্যাধুনিক স্মার্ট চশমা। যার নাম দেওয়া হয়েছে ‘ইন্টেলিজেন্ট আইওয়্যার’। এই ডিভাইস তৈরিতে সহযোগিতা করেছে জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড জ্যেন্টেল মনস্টার এবং ওয়ারবি পার্কার। প্রযুক্তি ও ফ্যাশনের সমন্বয়ে তৈরি নতুন এই স্মার্ট গ্লাস বাজারে থাকা মেটার ‘রে ব্যান মেটা’ স্মার্ট গ্লাসের জন্য বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নতুন এই স্মার্ট চশমায় ব্যবহার করা হয়েছে গুগলের শক্তিশালী জেমিনি এআই প্রযুক্তি এবং স্যামসাংয়ের উন্নত হার্ডওয়্যার। একই সঙ্গে ফ্যাশন ব্র্যান্ডগুলোর স্টাইলিশ ডিজাইন যুক্ত হওয়ায় এটি যেমন আধুনিক, তেমনি আকর্ষণীয়ও। ব্যবহারকারীরা হাত ব্যবহার না করেই ভয়েস কমান্ডের মাধ্যমে নেভিগেশন, রিয়েল-টাইম অনুবাদ, নোটিফিকেশনের সংক্ষিপ্ত তথ্য দেখা এবং ছবি তোলার মতো নানা সুবিধা উপভোগ করতে পারবেন। এছাড়া এটি স্যামসাং গ্যালাক্সি ইকোসিস্টেমের সঙ্গে সহজেই সংযুক্ত হয়ে কাজ করবে।

স্যামসাং জানিয়েছে, ডিভাইসটি ভবিষ্যতের ‘এআই-ফার্স্ট ওয়্যারেবল’ প্রযুক্তির অংশ হিসেবেই তৈরি করা হয়েছে। স্মার্টফোনের পাশাপাশি দৈনন্দিন জীবনকে আরও সহজ ও স্মার্ট করে তুলতেই তাদের এই উদ্যোগ। প্রযুক্তির পাশাপাশি ফ্যাশন সচেতন ব্যবহারকারীদের কাছেও এটি জনপ্রিয় হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

যদিও বর্তমানে স্মার্ট গ্লাসের বাজারে সবচেয়ে এগিয়ে রয়েছে ‘রে ব্যান মেটা’। সামাজিক যোগাযোগমাধ্যমের সঙ্গে সহজ সংযোগ ও আধুনিক ফিচারের কারণে ইতিমধ্যেই এটি ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তবে প্রযুক্তি ও স্টাইলের নতুন সমন্বয় নিয়ে গুগল ও স্যামসাংয়ের ‘ইন্টেলিজেন্ট আইওয়্যার’ স্মার্ট গ্লাস বাজারে নতুন প্রতিযোগিতার সূচনা করতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

/এসবি/