শিরোনাম

এআই লকেট আনছে মেটা

সিটিজেন ডেস্ক
এআই লকেট আনছে মেটা
ছবি: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।

প্রযুক্তি জগতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিস্তার দিন দিন বাড়ছে। এই ধারাবাহিকতায় স্মার্ট গ্লাসের সফলতার পর এবার নতুন ধরনের একটি পরিধানযোগ্য (ওয়্যারেবল) ডিভাইস আনছে মেটা। গলায় ঝোলানো লকেটের মতো দেখতে এআই-চালিত একটি পেনডেন্ট তৈরির পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। যার পরীক্ষামূলক ব্যবহার ২০২৭ সালে শুরু হতে পারে বলে জানা গেছে।

ডিভাইসটি নিয়ে কাজ করছে মেটার গবেষণা ও হার্ডওয়্যার উন্নয়ন বিভাগ ‘রিয়েলিটি ল্যাবস’।

প্রতিষ্ঠানটির ধারণা, ভবিষ্যতে দৈনন্দিন জীবনে এআই ব্যবহারের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠতে পারে এ ধরনের স্মার্ট ওয়্যারেবল প্রযুক্তি। প্রস্তাবিত এআই পেনডেন্টটি ব্যক্তিগত সহকারীর মতো কাজ করবে। ডিভাইসটি ব্যবহারকারীর গলায় ঝুলিয়ে রাখা যাবে । একই সঙ্গে ডিভাইসটি স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংরক্ষণ করতে পারবে। কথোপকথনের সারসংক্ষেপ তৈরি, করণীয় কাজের তালিকা (টু-ডু লিস্ট) প্রস্তুত, গুরুত্বপূর্ণ তথ্য মনে করিয়ে দেওয়া এবং ব্যক্তিগত নোট বা আইডিয়া সংরক্ষণের মতো সুবিধাও এতে থাকতে পারে।

এর আগে মেটা ও রে-ব্যানের যৌথ উদ্যোগে তৈরি স্মার্ট গ্লাস বিশ্ববাজারে ব্যাপক সাড়া ফেলেছে। সেই সাফল্যের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি এখন এআই পেনডেন্টসহ আরোও বিভিন্ন ধরনের স্মার্ট ওয়্যারেবল ডিভাইসের দিকে নজর দিচ্ছে।

বিশ্লেষকদের মতে, স্মার্ট গ্লাস, এআই পেনডেন্ট, কর্মক্ষেত্রভিত্তিক ওয়্যারেবল প্রযুক্তি এবং অর্থের বিনিময়ে দেওয়া এআই সেবার মাধ্যমে এমন একটি প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়ে তুলতে চায় মেটা, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু মোবাইল ফোন বা কম্পিউটারের পর্দায় সীমাবদ্ধ থাকবে না। যা মানুষের দৈনন্দিন জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে।

/এসবি/