শিরোনাম

শিগগিরই আসছে টেসলার সাইবারক্যাব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শিগগিরই আসছে টেসলার সাইবারক্যাব
টেসলার বৈদ্যুতিক গাড়ি ‘সাইবারক্যাব’

শিগগিরই যুক্তরাষ্ট্রের রাস্তায় নামতে যাচ্ছে ইলন মাস্কের মালিকানাধীন টেসলার তৈরি স্টিয়ারিং হুইলবিহীন বৈদ্যুতিক গাড়ি ‘সাইবারক্যাব’। টেক্সাসের অস্টিনে চলতি মাসেই গাড়িটির পরীক্ষামূলক কার্যক্রম শুরুর প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি। যদিও এ বিষয়ে টেসলার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে কোম্পানির রোবোট্যাক্সি বিভাগের এক্স অ্যাকাউন্টের সাম্প্রতিক একটি পোস্টে সাইবারক্যাবের কার্যক্রম শুরুর ইঙ্গিত দেওয়া হয়েছে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশনের প্রতিবেদনে বলা হয়েছে, অস্টিনে সাইবারক্যাব চালুর প্রস্তুতি নিচ্ছে টেসলা। প্রাথমিক পর্যায়ে গাড়িটি সাধারণ যাত্রীদের পরিবর্তে প্রতিষ্ঠানটির নিজস্ব কর্মীদের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হতে পারে। পরীক্ষামূলক ধাপ শেষ হলে অস্টিনে চালু থাকা টেসলার রোবোট্যাক্সি বহরে সাইবারক্যাব যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

তবে স্টিয়ারিং হুইল ও প্রচলিত চালকের নিয়ন্ত্রণব্যবস্থা না থাকায় গাড়িটির বাণিজ্যিকভাবে চলাচলের অনুমোদন পাওয়া টেসলার জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। যুক্তরাষ্ট্রের বিদ্যমান বিধি-বিধানে এ ধরনের স্টিয়ারিংবিহীন গাড়ি দিয়ে বাণিজ্যিক রোবোট্যাক্সি সেবা পরিচালনার ক্ষেত্রে এখনো সরাসরি অনুমোদন নেই। অবশ্য নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে বিশেষ ছাড় বা অনুমোদন পাওয়ার সুযোগ রয়েছে।

বর্তমানে টেসলার রোবোট্যাক্সি সেবায় মূলত মডেল ওয়াই গাড়ি ব্যবহার করা হচ্ছে। সেই জায়গায় সাইবারক্যাব যুক্ত হওয়া প্রতিষ্ঠানটির স্বয়ংক্রিয় পরিবহন পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। টেসলা ভবিষ্যতে বড় পরিসরে উৎপাদনের জন্য যেসব গাড়ির পরিকল্পনা করছে, তার মধ্যে সাইবারক্যাব অন্যতম।

প্রচলিত বৈদ্যুতিক গাড়ির তুলনায় সাইবারক্যাবের নকশা ও ব্যবহার পদ্ধতিতে বেশ কিছু ব্যতিক্রম রয়েছে। গাড়িটিতে দুটি আসন রয়েছে এবং কোনো স্টিয়ারিং হুইল নেই। মূলত চালক ছাড়াই যাত্রী পরিবহনের উদ্দেশ্যে গাড়িটি তৈরি করা হয়েছে। ফলে যাত্রীর ওঠানামা থেকে শুরু করে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত পুরো পরিবহনব্যবস্থা স্বয়ংক্রিয় চালনা প্রযুক্তির ওপর নির্ভর করবে।

এদিকে, যুক্তরাষ্ট্রে টেসলার রোবোট্যাক্সি সেবা ইতোমধ্যে সীমিত পরিসরে চালু রয়েছে। ফ্লোরিডার মিয়ামি, অরল্যান্ডো ও ট্যাম্পার কিছু এলাকায় এবং টেক্সাসের অস্টিন, ডালাস ও হিউস্টনের নির্দিষ্ট অঞ্চলে এ সেবা পাওয়া যাচ্ছে।

রোবোট্যাক্সি পরিচালনায় টেসলা ‘ফুল সেলফ-ড্রাইভিং’ প্রযুক্তি ব্যবহার করছে। প্রযুক্তিটি উন্নত হলেও বাস্তব পরিস্থিতিতে এর সক্ষমতার পাশাপাশি এখনো কিছু সীমাবদ্ধতা রয়েছে। ফলে সাইবারক্যাবের বাণিজ্যিক যাত্রা টেসলার স্বয়ংক্রিয় গাড়ির ভবিষ্যৎ পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে উঠতে পারে।

/এসবি/