শিরোনাম

কবুতরও দুধ দেয়

সিটিজেন ডেস্ক
কবুতরও দুধ দেয়
ছবি: সংগৃহীত

প্রাণিজগৎ নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। আমরা সাধারণত জানি, কেবল স্তন্যপায়ী প্রাণীরাই তাদের সন্তানদের দুধ পান করায়। কিন্তু আপনি কি জানেন, সাধারণ এক জোড়া কবুতরও তাদের ছানাদের দুধ খাইয়ে বড় করে তোলে? শুনতে অবাক লাগলেও এটি বিজ্ঞানের এক অনন্য বাস্তবতা।

স্তন্যপায়ী প্রাণীদের মতো কবুতরের কোনো স্তনগ্রন্থি নেই। এদের দুধ তৈরি হয় মূলত খাদ্যনালির নিচের অংশে অবস্থিত ‘ক্রপ’নামক একটি বিশেষ থলিতে। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘ক্রপ মিল্ক’ বা ‘পিজিয়ন মিল্ক’।

মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসরিত ‘প্রোল্যাকটিন’ হরমোনের প্রভাবে এই দুধ উৎপন্ন হয়। মজার বিষয় হলো, ডিমে তা দেওয়া শুরু করার প্রায় অষ্টম দিন থেকেই কবুতরের শরীরে এই দুধ তৈরির প্রস্তুতি শুরু হয়ে যায়।

স্তন্যপায়ীদের ক্ষেত্রে সাধারণত কেবল মা দুধ দেয়। কিন্তু কবুতরের ক্ষেত্রে মা ও বাবা উভয়ই এই ক্রপ মিল্ক তৈরি করতে পারে। ডিম ফোটার পর প্রথম ১০ দিন পর্যন্ত তারা তাদের মুখ দিয়ে এই দুধ ছানাদের খাইয়ে থাকে। এটি দেখতে সাধারণ দুধের মতো তরল বা সাদা নয়, বরং কিছুটা ঘন এবং হলদেটে মণ্ডের মতো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফিরোজ জামান বলেন, কবুতর যে শস্যদানা খায়, তা তাদের খাদ্যথলিতে এক ধরনের সাদা তরল নিঃসরণের মাধ্যমে ভিজে নরম মণ্ডে পরিণত হয়। এটি অনেকটা লিকুইড পেস্টের মতো, যা ছোট ছানাদের সহজে গিলতে এবং হজম করতে সাহায্য করে। এই তরলটি অত্যন্ত পুষ্টিকর এবং এতে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে।

/এসবি/