শিরোনাম

টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ
বাংলাদেশ-হংকং হকি ম্যাচ। ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসের বাছাইয়ে ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্থান নির্ধারণী পর্বের প্রথম ম্যাচে হংকং চায়নার বিপক্ষে টাইব্রেকারে ৩-২ গোলে জিতেছে বাংলাদেশ। তার আগে নির্ধারিত সময়ে ম্যাচে ছিল ৪-৪ সমতা।

গ্রুপে তৃতীয় হওয়া বাংলাদেশ স্থান নির্ধারণী (পঞ্চম থেকে অষ্টম) ম্যাচের প্রথম পর্বে জিতলো। তাতে সেরা ছয়ে থাকা নিশ্চিত হলো দলের। সেরা ছয়ে থাকার ফলে নিশ্চিত হয়েছে বাংলাদেশের এশিয়ান গেমসে খেলাও।

আগামী শুক্রবার (১০ এপ্রিল) পঞ্চম হয়ে বাছাই শেষ করার লক্ষ্যে বাংলাদেশ মুখোমুখি হবে চাইনিজ তাইপের।

পুল ‘এ’ ও ‘বি’ মিলিয়ে বাছাইয়ে অংশ নিচ্ছে ৯ দল। এদের মধ্যে শীর্ষ ছয় দল পাবে আগামী সেপ্টেম্বরে জাপানে হতে যাওয়া এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে।

বৃহস্পতিবার ম্যাচে হংকং চায়নার বিপক্ষে দারুণ শুরু পায় বাংলাদেশ। চতুর্থ মিনিটে রাকিবুল হাসানের ফিল্ড গোলের এক মিনিট পর পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান দ্বিগুণ করেন আমিরুল ইসলাম। প্রথম কোয়ার্টারে এক গোল শোধ করে বাংলাদেশ।

দ্বিতীয় কোয়ার্টারে কেউ পায়নি জালের দেখা। তৃতীয় কোয়ার্টারের শুরুতে পেনাল্টি কর্নার (পিসি) থেকে হংকংকে সমতায় ফেরান আহমেদ ইশতিয়াক। এই কোয়ার্টারের মাঝামাঝি পেনাল্টি কর্নার থেকে ফের বাংলাদেশকে এগিয়ে নেন আশরাফুল ইসলাম।

চতুর্থ ও শেষ কোয়ার্টারে জমে ওঠে লড়াইয়ে। ৪৮তম মিনিটে আশরাফুল পিসি কাজে লাগানোর আগে-পরে দুই গোল করে হংকং। তাতে ৪-৪ সমতায় নির্ধারিত সময় শেষ হয়।

টাইব্রেকারে গড়ায় ম্যাচের ভাগ্য। সেখানে ওয়ায়দুল জয়, রোমান সরকার ও ফজলে রাব্বির লক্ষ্যভেদে জিতে এশিয়ান গেমসে খেলা নিশ্চিত করে বাংলাদেশ।

এশিয়ান গেমসের হকিতে বাংলাদেশ এর আগে ১১ বার অংশ নিয়েছে। ১৯৭৮ ও ২০১৮ সালে ষষ্ঠ হওয়াই সর্বোচ্চ সাফল্য।

/টিই/