শিরোনাম

আমাদের প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়: ফ্রান্স কোচ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আমাদের প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়: ফ্রান্স কোচ
সংবাদ সম্মেলনে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম

চলমান বিশ্বকাপে রেফারিং ও ভিএআর নিয়ে তৈরি হওয়া তীব্র বিতর্কের মাঝেই কোয়ার্টার ফাইনালের মহারণে মরক্কোর মুখোমুখি হচ্ছে ফ্রান্স। আর্জেন্টিনা-মিশর ম্যাচের পর রেফারিদের সিদ্ধান্ত নিয়ে খোদ সাবেক তারকারাই যখন পক্ষে-বিপক্ষে বিভক্ত, তখন সংবাদ সম্মেলনে হাজির হয়ে বরাবরের মতোই ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলেছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম। ফ্রান্স-মরক্কো ম্যাচে আর্জেন্টাইন রেফারি প্যানেল থাকা নিয়ে অবধারিত প্রশ্নের জবাবে দেশম জানান, মাঠে তাদের প্রতিপক্ষ মরক্কো, কোনো রেফারি নয়। রেফারিদের প্রতি পূর্ণ সম্মান রেখেই তিনি মাঠের লড়াইয়ে মনোযোগ দিতে চান।

কাতার বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোকে হারিয়েছিল ফ্রান্স। ফলে ফুটবলপ্রেমীদের একাংশ এই ম্যাচটিকে মরক্কোর প্রতিশোধের মঞ্চ হিসেবে দেখলেও দেশম এখানে কোনো আবেগের সমীকরণ দেখছেন না। ফরাসি কোচের মতে, ফুটবলে প্রতিশোধ বলে কিছু নেই, নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে তারাই শেষ হাসি হাসবে। নেদারল্যান্ডসকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে আসা মরক্কোকে যথেষ্ট সমীহ করছেন তিনি। দেশম বলেন, মরক্কো প্যারাগুয়ের মতো দল নয়, তারা দুর্দান্ত ফুটবল খেলছে। তাই সেমিফাইনালের টিকিট কাটতে ফরাসিদের আরও উন্নত ফুটবল উপহার দিতে হবে।

কিলিয়ান এমবাপ্পে, ব্র্যাডলি বারকোলা, উসমান দেম্বেলে এবং দারুণ ফর্মে থাকা মাইকেল ওলিসকে নিয়ে গড়া ফ্রান্সের আক্রমণভাগ চলতি টুর্নামেন্টের শীর্ষ সারিতে থাকলেও আত্মতুষ্টিতে ভুগছেন না দেশম। খেলোয়াড় ও কোচ হিসেবে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো এ কিংবদন্তি চলতি আসরের পরই দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন অনেক আগে। মরক্কোর বিরুদ্ধে ম্যাচটিই তার শেষ ম্যাচ হয়ে দাঁড়াতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে দেশম জানান, বিদায় নিয়ে ভাবার কোনো সময় তার নেই। তার চোখ এখন শুধুই মরক্কো বধের নীল নকশায়।

/এমএকে/