শিরোনাম

ফ্রান্স-মরক্কো ম্যাচ নিয়ে সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ফ্রান্স-মরক্কো ম্যাচ নিয়ে সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী
ম্যাচে ফ্রান্সকেই এগিয়ে রেখেছে সুপার কম্পিউটার

ফুটবল বিশ্বকাপের রোমাঞ্চকর কোয়ার্টার ফাইনালে আজ রাতে মাঠে নামছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও দুর্দান্ত ফর্মে থাকা মরক্কো। টুর্নামেন্টের এই নকআউট পর্বে দুই দলের সামনেই এখন অস্তিত্ব টিকিয়ে রাখার কঠিন পরীক্ষা। এখানে ভুল করলেই বিদায়, আর জিতলেই মিলবে সেমিফাইনালের টিকিট।

গুরুত্বপূর্ণ এ লড়াইয়ের আগে মাঠের পারফরম্যান্স ও পরিসংখ্যানের বিচারে ফরাসিরাই সুবিধাজনক অবস্থানে রয়েছে। অপ্টার সুপারকম্পিউটারে ২৫ হাজার বার ম্যাচটি সিমুলেশন করার পর ফ্রান্সকে পরিষ্কার ব্যবধানে এগিয়ে রাখা হয়েছে। সুপারকম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৬১.৭ শতাংশ, বিপরীতে মরক্কোর জয়ের সম্ভাবনা মাত্র ১৬.২ শতাংশ। আর ম্যাচটি ড্র হয়ে অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ার সম্ভাবনা রয়েছে ২২.১ শতাংশ।

দুই দলের অতীত রেকর্ডও ফরাসিদের পক্ষে কথা বলছে। এখন পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে মোট ছয়বার মুখোমুখি হয়েছে ফ্রান্স ও মরক্কো, যার একটিতেও হারেনি ফ্রান্স। চার ম্যাচে জয় পেয়েছে ফরাসিরা এবং বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। এমনকি বিশ্বকাপের মঞ্চে এর আগের একমাত্র দেখায়, অর্থাৎ ২০২২ সালের কাতার বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়েছিল ফ্রান্স।

তবে ফুটবল মাঠে পরিসংখ্যানই শেষ কথা নয়। চলতি বিশ্বকাপে ইতোমধ্যে বেশ কিছু বড় অঘটনের সাক্ষী হয়েছে ফুটবল বিশ্ব। মরক্কোও বর্তমানে তাদের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফর্মে রয়েছে এবং টুর্নামেন্ট জুড়ে নিজেদের শক্তির জানান দিয়ে এসেছে। তাই ফেভারিট ফ্রান্সকে রুখে দিয়ে নতুন কোনো চমক দেখানোর জন্য মরক্কোও মাঠের লড়াইয়ে নিজেদের সবটুকু উজাড় করে দিতে প্রস্তুত।

/এমএকে/