শিরোনাম

মেসির চোট কতটা গুরুতর

সিটিজেন স্পোর্টস ডেস্ক
মেসির চোট কতটা গুরুতর
লিওনেল মেসি।

বিশ্বকাপ শুরু হতে বাকি আর ১৭ দিন। বাংলাদেশ সময় আজ সোমবার (২৫ মে) ভোরে বিশ্বকাপের আগে ইন্টার মায়ামির হয়ে শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। মায়ামি ৬-৪ গোলে হারিয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়নকে। তবে মায়ামির জয়ের দিনে চিন্তার ভাজ পড়েছে আর্জেন্টিনা দলে।

ম্যাচের ৭০ মিনিটে ফ্রি কিক নিয়েই বাঁ উরুর ওপরের অংশে হাত দিয়ে ধরলেন মেসি। একটু পরই ইশারায় বদলির অনুরোধ করলেন। মাঠ থেকে সোজা বেরিয়ে চলে গেলেন ড্রেসিং রুমে। এই দৃশ্যেরা কারণেই আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে এখন শঙ্কা কাজ করছে।

৭৩ মিনিটে মেসির বদলি হিসেবে মাঠে নামানো হয় তরুণ আর্জেন্টাইন মাতেও সিলেভেতিকে।

মেসি এমএলএস-এ চলতি মৌসুমে ১৪ ম্যাচে ১২ গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন ৮ গোলে। আর্জেন্টিনা অবশ্য এখনও ঘোষণা করেনি স্কোয়াড। তবে মেসি যে বিশ্বকাপ দলে থাকবেন সেটি নিশ্চিত করেছেন আর্জেন্টিনা দলের কোচিং স্টাফ আয়ালা।

ইন্টার মায়ামির ভারপ্রাপ্ত কোচ গিয়ের্মো ম্যাচের পর বলেন, ‘এ বিষয়ে (মেসির চোট) আমাদের কাছে এখনও কোনো রিপোর্ট আসেনি। কিন্তু আমি যতদূর জানি, সে সত্যিই ক্লান্ত ছিল। ক্লান্তির কারণেই হয়েছে এমন…। এটা ক্লান্তিই ছিল। সে ক্লান্ত ছিল, মাঠ ভারী ছিল, এবং কোনো সংশয় রাখার চেয়ে ঝুঁকি না নেওয়াই ভালো।’

মেসির বয়স ৩৮, মায়ামির ভারপ্রাপ্ত কোচ বললেন, ক্লান্তির কথা। তাহলে বিশ্বকাপে মেসি খেললেও পুরো ৯০ মিনিট খেলবেন কিনা সেই প্রশ্নও থেকেই যায়।

/টিই/