শিরোনাম

৭ বছর পর ভারতের কাছে হারলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
৭ বছর পর ভারতের কাছে হারলো বাংলাদেশ
গোল দেওয়ার পর ভারতের নারী ফুটবলারদের উল্লাস। ছবি: ফেসবুক

দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে একটা সময় ভারতের একচ্ছত্র প্রাধান্য ছিল। তবে গত দুই সাফে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ সেই চিত্র বদলে দেয়। এবার ভারতের গোয়ায় চলমান নারী সাফ টুর্নামেন্টে বাংলাদেশকে ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। তাতে ২০১৯ সালের পর ভারতের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা।

এবার সাফ শিরোপা ধরে রাখার মিশনে কোচ পিটার বাটলার মারিয়া মান্দাকে অধিনায়ক করেন। আগের ম্যাচে অধিনায়কত্ব হারানো আফিদা এই ম্যাচে একাদশে জায়গা হারান। তার পরিবর্তে খেলতে নামা সুরমা জান্নাত ভালো পারফরম্যান্স করতে পারেননি।

টুর্নামেন্টে প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ম্যাচের মাত্র ১১ সেকেন্ডে গোল করেছিলেন বাংলাদেশের আনিকা রানিয়া সিদ্দিকী। রবিবার (৩১ মে) ভারতের বিপক্ষেও শুরুতে গোলের সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি। ভারত শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয়।

ম্যাচের ৩৫ মিনিটে ভারতের হয়ে প্রথম গোল করেন পিয়ারি। এই গোলে ভারত লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ গোল হজম করে ডিফেন্ডারের ভুলে। ভারতীয় ফরোয়ার্ডকে বক্সের মধ্যে ফাউল করেন বাংলাদেশের ডিফেন্ডার সুরমা জান্নাত। রেফারি পেনাল্টির বাশি বাঁজান। বদলি হিসেবে নামা লিন্ডাকম গোল করতে ভুল করেননি। শেষ দিকে ব্যবধান বাড়ান মালাভিকা।

দুই জয়ে ভারত ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন। বাংলাদেশ ম্যাচ হারলেও গ্রুপ রানার্স আপ হয়ে সেমিফাইনাল খেলবে। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন নেপাল। আরেক সেমিফাইনালে ভারত খেলবে ভুটানের বিপক্ষে।

/টিই/