শিরোনাম

রেফারিদের ওপর পূর্ণ আস্থা রাখছেন ফ্রান্সের কোচ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
রেফারিদের ওপর পূর্ণ আস্থা রাখছেন ফ্রান্সের কোচ
ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম

আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারিং বিতর্ক যখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে, ঠিক তখনই ফ্রান্স ও মরক্কোর কোয়ার্টার ফাইনাল ম্যাচকে ঘিরে নতুন বিতর্ক দানা বেঁধেছে। হাইভোল্টেজ এ ম্যাচের জন্য মনোনীত পাঁচ রেফারিই আর্জেন্টিনার হওয়ায় ফরাসি সংবাদমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। তবে রেফারি প্যানেল নিয়ে তৈরি হওয়া এই বিতর্ককে পুরোপুরি উড়িয়ে দিয়েছেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাত দুইটায় শেষ চারের টিকিট কাটার লড়াইয়ে মরক্কোর মুখোমুখি হবে ফরাসিরা। গত বিশ্বকাপের ফাইনালের পর থেকেই আর্জেন্টিনার সঙ্গে ফ্রান্সের ফুটবলীয় প্রতিদ্বন্দ্বিতা ও মনস্তাত্ত্বিক তিক্ততা অন্য মাত্রা পেয়েছে। এমন সমীকরণের মাঝে কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনার পাঁচ রেফারি নিয়োগ দেওয়া নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। ম্যাচটির মূল রেফারির দায়িত্বে থাকবেন ফাকুন্দো টেলো। তিনি ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালেও এই দুই দলের ম্যাচ পরিচালনা করেছিলেন। সহকারী রেফারি হিসেবে তার সঙ্গে থাকবেন জুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল চাড। এ ছাড়া চতুর্থ রেফারি দারিও হেরেরা এবং রিজার্ভ সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ক্রিস্টিয়ান নাভারো।

ফরাসি সংবাদমাধ্যমের এই সমালোচনাকে পাত্তা না দিয়ে সংবাদ সম্মেলনে রেফারিদের প্রতি নিজের অগাধ বিশ্বাসের কথা জানান দেশম। আর্জেন্টিনা-মিসর ম্যাচে স্বদেশি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের রেফারিংয়ের প্রশংসা করে তিনি মরক্কো ম্যাচেও একই মানের দক্ষ রেফারিং প্রত্যাশা করেন। রেফারি বিতর্ক প্রসঙ্গে দেশম জানান, মাঠের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়। কোচের সঙ্গে সুর মিলিয়ে ফরাসি গোলরক্ষক রবিন রিসারও বলেন, আর্জেন্টিনার সঙ্গে অতীত তিক্ততা থাকলেও রেফারিরা তাদের যোগ্যতার প্রমাণ দিয়েই এই মঞ্চে এসেছেন। টুর্নামেন্টের ফাইনালে আবারও আর্জেন্টিনা-ফ্রান্স লড়াইয়ের সম্ভাবনা থাকলেও রেফারিংয়ের সততা নিয়ে কোনো সংশয় নেই ফরাসি শিবিরে।

/এমএকে/