শিরোনাম

‘ফ্রান্স সব দিক থেকেই আমাদের ছাড়িয়ে গেছে’

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
‘ফ্রান্স সব দিক থেকেই আমাদের ছাড়িয়ে গেছে’
কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি ঠেকিয়েছেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু

ফিফা বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট না পেয়ে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে মরক্কোকে। ফ্রান্সের কাছে ২-০ গোলে হারের পর মরক্কোর অভিজ্ঞ গোলরক্ষক ইয়াসিন বুনু অকপটে স্বীকার করেছেন, ফরাসিরা মাঠের লড়াইয়ে তাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল এবং এই পরাশক্তির বিপক্ষে নিজেদের সেরা পারফরম্যান্স উপহার দিতে ব্যর্থ হয়েছে তার দল।

ম্যাচ শেষে ডিএসপোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বুনু জানান, একটি অত্যন্ত শক্তিশালী দলের মুখোমুখি হওয়ার বাস্তবতাকে তারা মেনে নিচ্ছেন। ফরাসিরা সব বিভাগেই মরক্কোকে ছাড়িয়ে গেছে এবং ম্যাচে কোনো সুবিধাই আদায় করা সম্ভব হয়নি। তবে এই পরাজয় থেকে শিক্ষা নিয়ে নতুন করে কাজ শুরু করার প্রত্যয় জানিয়ে প্রতিপক্ষকে অভিনন্দন জানান তিনি। মরক্কোর কৌশল সফল না হওয়ার ব্যাখ্যায় বুনু বলেন, টুর্নামেন্টের প্রতিটি ম্যাচেই চোটের কারণে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের হারাতে হয়েছে। ফরাসিদের শারীরিক সক্ষমতা বেশি থাকায় ম্যাচটিকে ওপেন বা এন্ড-টু-এন্ড করা সম্ভব হয়নি। বলের নিয়ন্ত্রণ ধরে রেখে রক্ষণ সামলানোর যে পরিকল্পনা ছিল, মাঠের পারফরম্যান্সে তা পুরোপুরি ফুটিয়ে তোলা যায়নি। তিনি স্পষ্ট করেন, বিশ্বকাপের মঞ্চে ফ্রান্সের মতো দলের বিপক্ষে ছোট কোনো ভুলেরও ক্ষমা নেই।

তবে এই হারের পরও ভবিষ্যতের দিকে তাকিয়ে আশাবাদী মরক্কোর এ তারকা। আফ্রিকা কাপ অব নেশনসের কঠিন সময় পার করে দল যেভাবে মানসিকভাবে নতুন করে ঘুরে দাঁড়িয়েছিল, সেই অতীত অভিজ্ঞতাই তাদের আগামী দিনে পথ দেখাবে বলে তিনি মনে করেন। ম্যাচে প্রথমার্ধ গোলশূন্য থাকার সময় কিলিয়ান এমবাপ্পের নেওয়া একটি পেনাল্টি দুর্দান্তভাবে ঠেকিয়ে দিয়েছিলেন বুনু। সেই রোমাঞ্চকর মুহূর্তের কৌশল নিয়ে তিনি বলেন, এমবাপ্পেকে দ্বিধায় ফেলার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করাই ছিল তার মূল পরিকল্পনা, যা সৌভাগ্যবশত নিখুঁতভাবে কাজ করেছে। পেনাল্টি ঠেকানোর ব্যক্তিগত দর্শন নিয়ে এ অভিজ্ঞ গোলরক্ষক বলেন, পেনাল্টিতে অনুশীলনের পাশাপাশি ভাগ্যেরও একটি বড় ভূমিকা থাকে, তবে দিনশেষে নিজের ক্ষমতার ওপর শতভাগ ভরসা রাখাটাই সবচেয়ে জরুরি।

/এমএকে/