শিরোনাম

রেফারিং বিতর্ক নিয়ে যা বললেন লিসান্দ্রো মার্তিনেজ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
রেফারিং বিতর্ক নিয়ে যা বললেন লিসান্দ্রো মার্তিনেজ
আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ

চলতি বিশ্বকাপে রেফারিং নিয়ে চলমান তুমুল বিতর্কের মাঝে ম্যাচ অফিশিয়ালদের জোরালো সমর্থন জানালেন আর্জেন্টিনার রক্ষণভাগের তারকা লিসান্দ্রো মার্তিনেজ। শেষ ষোলোর নাটকীয় ম্যাচে আলবিসেলেস্তেদের কাছে ৩-২ গোলে হেরে রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করে মিসর। কিন্তু ম্যাচ অফিশিয়ালদের পারফরম্যান্সকে ‘দুর্দান্ত’ বলে আখ্যা দিয়েছেন এ ডিফেন্ডার।

মিসরের বিপক্ষে ওই ম্যাচে একপর্যায়ে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েও শেষ পর্যায়ে অবিশ্বাস্য কামব্যাকে জয় ছিনিয়ে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ম্যাচ হারলেও ভিএআর প্রযুক্তির ব্যবহার নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানায় মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন। বিশেষ করে ম্যাচের ৬২ মিনিটে মোস্তফা জিকোর বাতিল হওয়া গোল এবং আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে বিল্ডআপে ফাউলের দাবি রেফারি ও ভিএআর নাকচ করায় চরম বিতর্ক তৈরি হয়।

ফুটবল বিশেষজ্ঞদের মাঝে এই নিয়ে নানা মত তৈরি হলেও রেফারিদের পাশেই দাঁড়িয়েছেন ফিফার রেফারিং কমিটির প্রধান পিয়েরলুইজি কলিনা। রেফারিরা সম্পূর্ণ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছেন উল্লেখ করে কোনো ধরনের পক্ষপাতিত্বের অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে লিসান্দ্রো মার্তিনেস সরাসরি জানান, রেফারিং নিয়ে তাদের কোনো অভিযোগ নেই। সংবাদমাধ্যমই অনেক সময় এসব বিতর্ক উস্কে দেয়। মাঠে নেমে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়াই খেলোয়াড়দের মূল কাজ বলে মন্তব্য করেন তিনি।

অবশ্য চলতি আসরে রেফারিং বিতর্ক কেবল এই ম্যাচেই সীমাবদ্ধ নয়, একাধিক দল ইতোমধ্যে ফিফার কাছে লিখিত অভিযোগও দিয়েছে। যেমন, বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে যুক্তরাষ্ট্রের ফোলারিন বালোগান লাল কার্ড দেখলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ফোনালাপের পর নাটকীয়ভাবে তার নিষেধাজ্ঞা স্থগিত করা হয়। ফিফার এমন বিতর্কিত সিদ্ধান্তের পর বিশ্ব ফুটবলে সমালোচনার ঝড় ওঠে এবং ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফাও ফিফাকে তীব্র আক্রমণ করে।

সব বিতর্ক পাশ কাটিয়ে রবিবার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটিতে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। প্রতিপক্ষকে সমীহ করে মার্তিনেস জানান, কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আসা সুইজারল্যান্ড শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী এবং সেট-পিসে দারুণ কার্যকর। দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলায় ম্যাচটি বেশ উপভোগ্য হবে বলে তিনি আশাবাদী। মার্তিনেজের সুরে সুর মিলিয়েছেন দলের আরেক ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। তিনি জানিয়েছেন, প্রতিপক্ষ কে তা নিয়ে না ভেবে তারা কেবল নিজেদের খেলার ভুলত্রুটি শুধরে মাঠের পারফরম্যান্সে মনোযোগ দিতে চান।

/এমএকে/