শিরোনাম

সেমিফাইনালে জয়ের পরই আর্জেন্টিনার গুরুতর অভিযোগ

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
সেমিফাইনালে জয়ের পরই আর্জেন্টিনার গুরুতর অভিযোগ
ব্রিটিশ যুদ্ধজাহাজ

বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের মাত্র কয়েক ঘণ্টা পরেই আর্জেন্টিনা অভিযোগ করেছে, একটি ব্রিটিশ যুদ্ধজাহাজ তাদের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করেছে।

বুধবার (১৫ জুলাই) রাতে এক বিবৃতিতে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী পাবলো কুইর্নো ব্রিটিশ রয়্যাল নেভির বিরুদ্ধে আর্জেন্টিনার জলসীমায় সামরিক অনুপ্রবেশের অভিযোগ করেছেন।

তিনি দাবি করেছেন, এইচএমএস মেডওয়ে জুলাই মাসের শুরুতে সরকারকে আনুষ্ঠানিকভাবে অবহিত না করেই আর্জেন্টিনার জলসীমায় প্রবেশ করেছিল। এই পদক্ষেপের বিরুদ্ধে ব্রিটিশ দূতাবাসে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানো হয়েছে।

আর্জেন্টিনার অভিযোগ অনুযায়ী, কথিত এই ‘অনুপ্রবেশ’ ঘটে গত ৪ জুলাই। তবে দেশটি আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছে ১৫ জুলাই (বুধবার) বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর কয়েক ঘণ্টা পর।

এদিকে এই অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, তারা আর্জেন্টিনাকে এই পরিকল্পিত সফরের বিষয়ে অবহিত করেছিল। এটি চিলিতে একটি নিয়মিত রসদ সরবরাহ সফরের অংশ ছিল।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি মুখপাত্র বলেছেন, ‘ব্রিটিশ অ্যান্টার্কটিক জরিপ কার্যক্রমকে সহায়তা করার জন্য এইচএমএস মেডওয়ে ৫ থেকে ৮ জুলাইয়ের মধ্যে চিলিতে একটি নিয়মিত রসদ সরবরাহ সফরে যায়। এ বিষয়ে আমরা আর্জেন্টিনা সরকারকে আগেই অবহিত করেছি। এই সফরের মাধ্যমে অ্যান্টার্কটিকায় বৈজ্ঞানিক গবেষণা চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় রসদ ও সামগ্রী সরবরাহ করা হবে।’

তিনি আরও বলেন, ‘রয়্যাল নেভি সর্বদা আন্তর্জাতিক আইন মেনে অভিযান পরিচালনা করে। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ থেকে চিলিতে যাত্রার সময় অপারেশনাল নিরাপত্তা ও আবহাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে সরাসরি ও বাস্তবসম্মত পথ ব্যবহার করা হয়েছে। যাতে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিশ্চিত করা যায়।’

এইচএমএস মেডওয়ে হলো ব্যাচ ২ রিভার-শ্রেণির একটি অফশোর পেট্রোল ভেসেল, যা সাধারণত ফকল্যান্ড দ্বীপপুঞ্জে মোতায়েন থাকে।

বুধবার রাতে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়রা ‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’ লেখা একটি ব্যানার তুলে ধরে বিতর্ক সৃষ্টি করার পর এই ঘটনাটি ঘটেছে। যার বাংলা অর্থ ‘ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার’।

ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে রাজনৈতিক উত্তেজনা দীর্ঘদিনের। ব্রিটেন থেকে প্রায় ৮,০০০ মাইল এবং আর্জেন্টিনার মূল ভূখণ্ড থেকে ৩০০ মাইল দূরে অবস্থিত এই দ্বীপপুঞ্জ নিয়ে ১৯৮২ সালে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে যুদ্ধ হয়। বুয়েনস আইরেস বারবার ফকল্যান্ডের ওপর নিজেদের সার্বভৌমত্ব দাবি করে আসছে।

সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট, নিউইয়র্ক পোস্ট

/জেএইচ/