শিরোনাম

ইরান দলের অনুশীলনরত স্টেডিয়ামের পাশ থেকে লাশ উদ্ধার

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ইরান দলের অনুশীলনরত স্টেডিয়ামের পাশ থেকে লাশ উদ্ধার
মেক্সিকোতে গাড়ি থেকে লাশ উদ্ধার। ছবি: ইয়াহু নিউজ

বিশ্বকাপের প্রথম রাউন্ডে ইরানের সবগুলো খেলা যুক্তরাষ্ট্রে হলেও দেশটিতে প্রবেশ করতে দেয়নি ওয়াশিংটন। খেলার আগের দিন ইরান দল যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। এজন্য বর্তমানে তারা মেক্সিকোতে অবস্থান করছে। তবে সেখানেও ঘটলো এক অঘটন! ইরানের বিশ্বকাপ ফুটবল দলের অনুশীলনরত স্টেডিয়ামের কাছে পার্ক করা একটি গাড়ির ডিকি থেকে একটি গলিত লাশ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (১২ জুন) সীমান্তবর্তী শহর তিহুয়ানার কালিয়েন্তে স্টেডিয়ামের বিপরীতে ওই গাড়িটি পার্ক করা ছিল। পুলিশ গাড়ির ভেতর থেকে কালো ব্যাগে মোড়ানো এক ব্যক্তির লাশ উদ্ধার করে।

মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টের খেলা চলাকালীন এই ভয়াবহ ঘটনাটি সামনে আসে।

মার্কিন যুক্তরাষ্ট্রে তিনটি ম্যাচের প্রস্তুতির জন্য টিম মেলি যেখানে প্রশিক্ষণ নিচ্ছে, সেই ক্যালিয়েন্তে স্টেডিয়ামের ঠিক উল্টোদিকে একটি সুপারমার্কেটের পার্কিং লটে তিহুয়ানার পুলিশ ক্যালিফোর্নিয়ার প্লেটযুক্ত একটি ধূসর টয়োটা এসইউভি-র ডিকি খুললে মৃতদেহটি দেখা যায়।

তিহুয়ানার প্রসিকিউটরের এক মুখপাত্র জানিয়েছেন, পুলিশের একটি টহল দল মৃতদেহটি উদ্ধার করেছে। গাড়িটি পরিদর্শন করে এর ট্রাঙ্কের ভেতর কালো ব্যাগে মোড়ানো এক ব্যক্তিকে পাওয়া যায়। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল।’ তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে গাড়িটি বুধবার থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।

মেক্সিকো শক্তিশালী মাদক চক্রের উপদ্রবে জর্জরিত এবং এখানে হত্যার হার বিশ্বের সর্বোচ্চ।

মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্তে অবস্থিত টিহুয়ানা শহরটি হত্যাকাণ্ডের জন্য কুখ্যাত। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে সেখানে ১,২০০-এরও বেশি হত্যাকাণ্ড নথিভুক্ত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের কারণে ফিফার এই ফুটবল মহোৎসবে ইরানের জাতীয় দলের অংশগ্রহণ বিঘ্নিত হয়েছিল। দলটি অ্যারিজোনায় তাদের প্রশিক্ষণ শিবির করার পরিকল্পনা করলেও চলমান সংঘাতের মধ্যে তারা মেক্সিকোতে চলে যায়।

আসার পর থেকেই দলটি কড়া নিরাপত্তার মধ্যে রয়েছে। শুক্রবার মরদেহটি সরিয়ে নেওয়ার মাত্র কয়েক মিনিট পরেই গাড়িবহরটি স্টেডিয়াম ত্যাগ করে।

তবে এই ঘটনার সঙ্গে ইরান জাতীয় দলের কোনো সম্পর্ক রয়েছে কিনা, সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানায়নি তদন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নেরও তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি ইরান ফুটবল দল।

সূত্র: ইয়াহু নিউজ

/জেএইচ/