সৌদিতে হুথিদের হামলা: শঙ্কায় এশিয়ান কাপ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
সৌদিতে হুথিদের হামলা: শঙ্কায় এশিয়ান কাপ
এএফসি এশিয়ান কাপ ট্রফি

আগামী জানুয়ারিতে সৌদি আরবে এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট। সম্প্রতি সৌদি আরবে হুথিদের হামলা বেড়েছে। তাতে টুর্নামেন্টটি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তবে আয়োজকেরা জানিয়েছেন, টুর্নামেন্ট ‘সূচি অনুযায়ীই’ হবে।

২০২৭ সালের এশিয়ান কাপ শুরু হওয়ার কথা ৭ জানুয়ারি থেকে। খেলা হবে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও আল খোবার শহরে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে স্থানীয় আয়োজক কমিটি এক বিবৃতি দেয়। সেখানে বলা হয়, ‘টুর্নামেন্টের প্রস্তুতি সূচি অনুযায়ীই আছে। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ও সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় করে এই কাজ চলছে।’

সম্প্রতি হুথি গোষ্ঠীর সঙ্গে সৌদির যুদ্ধ বেড়েছে। গেল কয়েক দিনে সৌদি আরবে একটানা হামলা হয়েছে। দেশটির বেশ কয়েকটি বিমানবন্দরে হামলা চালায় হুথিরা। বর্তমানে বহু ফ্লাইট বাতিল করা হয়েছে। পিছিয়ে গেছে সৌদি প্রো লিগের বেশ কয়েকটি ম্যাচও।

এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটি জানিয়েছে, তারা প্রস্তুতি ঠিক পথে রাখতে বদ্ধপরিকর। কমিটি আরও বলেছে, ‘একই সঙ্গে টুর্নামেন্টের সঙ্গে সম্পর্কিত ঘটনাপ্রবাহ নজরে রাখা হবে। সফল আয়োজনের জন্য উপযুক্ত পরিবেশ যেন থাকে, সেটিও নিশ্চিত করা হবে।’

এশিয়ান কাপ ২০২৭ এর বদলে ২০২৮ সালে আয়োজন করা হতে পারে এমন খবরও জানিয়েছে বেশি কিছু আন্তর্জাতিক গণমাধ্যম।

/টিই/