শিরোনাম

অপরেশন করালে বিশ্বকাপ খেলা হতো না: এমি মার্তিনেজ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
অপরেশন করালে বিশ্বকাপ খেলা হতো না: এমি মার্তিনেজ
এমিলিয়ানো মার্তিনেজ

৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে শেষ মুহূর্তে দুর্দান্ত সেভ আর টাইব্রেকারে কিংসলে কোমানের শট থামিয়ে আর্জেন্টিনাকে এনে দিয়েছিলেন আরাধ্য শিরোপা।

এবার মার্তিনেজ তুলনামূলক নিষ্প্রভ। তবে স্পেনের বিপক্ষে ফাইনালে নামার আগে সংবাদ সম্মেলনে জানালেন চোট নিয়েও দলকে বিশ্বকাপ ফাইনালে তোলার গল্প।

বিশ্বকাপের মাসখানেক আগে ইউরোপা লিগের ফাইনালে অনুশীলনের সময় ডান হাতের আঙুলে চোট পান মার্তিনেজ। সেই চোট নিয়ে খেলেছেন ফাইনাল, গোল হজম না করে জিতেছেন শিরোপা। চোট সাড়াতে তাকে পরামর্শ দেওয়া হয়েছিল অপারেশন করার। কিন্তু বিশ্বকাপের জন্য সেই পরামর্শ আমলে নেননি।

বিশ্বকাপের সময় প্রতিদিন অনুশীলন করছেন হাতে ব্যথা নিয়ে। এমি মার্তিনেজ বলেন, ‘এখনো প্রতিদিন অনুশীলনের সময় হাতে ব্যথা লাগে। আমেরিকায়, ইংল্যান্ডে- যেখানেই চিকিৎসক দেখিয়েছি, সবাই বলেছে অপারেশন করিয়ে ফেলো। আর অপারেশন করালে বিশ্বকাপ খেলা হতো না আমার।’

চোটের প্রভাব পড়েছে ফর্মেও। বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে মাত্র ২টি ক্লিন শিট রাখতে পেরেছেন মার্তিনেজ। তিনি বলেন, ‘আমার সবার সঙ্গে অনুশীলন করতে ভালো লাগে। সেই আমি পুরো গ্রুপ পর্ব একা একা অনুশীলন করেছি, বেশির ভাগ সময়ই বিশ্রাম নিয়েছি। নকআউট পর্বে এসে স্বাভাবিকভাবে অনুশীলন করতে পেরেছি। এখন সত্যি বলতে দলের সঙ্গে পুরোপুরি ফিরতে পেরে ভালো লাগছে। আঙুলটাও আর বেশি কষ্ট দিচ্ছে না।’

ফাইনালের আগে এমিলিয়ানো মার্তিনেজ জানালেন অন্য কেউ গল্পের মূল চরিত্র হলেও তার আপত্তি নেই। তিনি বলেন, ‘যদি এমন হয়, পুরো ম্যাচে আমার বলার মতো কিছুই করা লাগলো না, আমি একইভাবে উদ্‌যাপন করবো। চার বছরে কিছুই বদলায়নি। শিরোপাটাও এক, স্বর্ণপদকটাও এক। জিতে আমাদের অভ্যাস আছে। আমি চাই আমার সতীর্থরা লাইমলাইট পাক। গোলরক্ষকরা পুরো ম্যাচ একাই থাকেন, গোল হলেও উদ্‌যাপনে যান না, সবকিছু থেকে যেন আলাদা। আমি আর গল্পের মূল চরিত্র হতে চাই না, অন্য কেউ হোক। দরকার হলে তো আমি আছিই।’

/টিই/