শিরোনাম

খেলা চালিয়ে যেতে চায় কেপ ভার্দের গোলরক্ষক

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
খেলা চালিয়ে যেতে চায় কেপ ভার্দের গোলরক্ষক
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ফুটবল বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনিয়া। টুর্নামেন্টে এমন নজরকাড়া পারফরম্যান্সের পর তাকে দলে ভেড়াতে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে চিলির বিখ্যাত ক্লাব কোলো কোলো। তবে স্পটলাইটে আসা ৪০ বছর বয়সী এই তারকা জানিয়েছেন, কোনো ক্লাবের বিজ্ঞাপনী চমক বা বিপণনের পুতুল হিসেবে নয়, বরং মাঠে ফুটবলার হিসেবে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েই তিনি নতুন দলে জায়গা করে নিতে চান।

পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব জিডি চাভেসের সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বর্তমানে ফ্রি এজেন্ট হিসেবে আছেন ভোজিনিয়া। বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচে মুখোমুখি হওয়ার পর লিওনেল মেসির ক্লাব ইন্টার মিয়ামির সঙ্গেও তাকে জড়িয়ে গুঞ্জন উঠেছিল। তবে সেই গুঞ্জন এখনও কোনো আনুষ্ঠানিক আলোচনায় রূপ নেয়নি। ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী এ গোলকিপার জানান, শরীর ঠিক থাকলে ফুটবলের প্রতি প্রবল আবেগ নিয়ে তিনি আরও অন্তত এক বা দুই বছর খেলা চালিয়ে যেতে চান।

আন্তর্জাতিক অঙ্গনে কেপ ভার্দের ফুটবলারদের উঠে আসার কঠিন লড়াইয়ের কথা উল্লেখ করেন ভোজিনিয়া। তিনি জানান, তাদের দেশে ফুটবলকে পেশা হিসেবে বেছে নেওয়ার সুযোগ অত্যন্ত সীমিত এবং প্রথম ও প্রধান বাধাই হলো ভিসা পাওয়া। সাও ভিসেন্তে শহর থেকে উঠে আসা এ ফুটবলারের ভোজিনিয়া নামটি আসলে তার ডাকনাম। পর্তুগিজ ভাষায় এর অর্থ ছোট দাদি। ছোটবেলায় দাদা-দাদির সঙ্গে বেশি সময় কাটানোর কারণে পাওয়া এ বিশেষ নামটিই পুরো ক্যারিয়ারজুড়ে নিজের জার্সিতে ব্যবহার করে আসছেন।

/এমএকে/