শিরোনাম

আর্জেন্টিনা নয়, ফাইনালে স্পেনকে সমর্থন বার্সা সভাপতির

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আর্জেন্টিনা নয়, ফাইনালে স্পেনকে সমর্থন বার্সা সভাপতির
স্পেন ফুটবল দল (বাঁয়ে) ও আর্জেন্টিনা ফুটবল দল (ডানে) এবং হোয়ান লাপোর্তা (ইনসেটে)

বিশ্বকাপ ফাইনালে মেসির আর্জেন্টিনা নয়, স্পেনকেই সমর্থন করছেন বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা। ফুটবল বিশ্বের বহু ভক্ত ও বিশ্লেষক এ মহারণ নিয়ে দ্বিমুখী টানাপোড়েনে থাকলেও, বার্সা সভাপতি কোনো দ্বিধা না রেখে নিজের দেশের ফুটবল দলকেই বেছে নিয়েছেন।

নিউইয়র্কের বিখ্যাত ফিফথ অ্যাভিনিউতে স্প্যানিশ গণমাধ্যম এল পার্তিদাজো দে কোপে-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে লাপোর্তা জানান, তিনি ইতোমধ্যেই নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবং ফাইনালে স্পেনের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। শুধু সমর্থন জানানোই নয়, মেগা ফাইনালে স্পেনকেই ফেবারিট ও সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন তিনি। বার্সা সভাপতির মতে, স্পেনের জাতীয় দল অত্যন্ত ভারসাম্যপূর্ণ ও গোছানো। তবে ম্যাচের সুষ্ঠু ও নিরপেক্ষ পরিচালনার ওপর জোর দেন তিনি। লাপোর্তা বলেন, যদি রেফারি মাঠে সঠিকভাবে ম্যাচ পরিচালনা করেন, তবে স্পেনের ট্রফি জেতার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।

বার্সেলোনা ক্লাবের ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার ও অন্যতম বড় কিংবদন্তি লিওনেল মেসির বিপক্ষে গিয়ে জাতীয় দলের প্রশ্নে লাপোর্তার এমন সরাসরি স্বদেশি সমর্থন ফুটবল অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে। এ সাক্ষাৎকারেই একটি বেশ মজার দৃশ্যের অবতারণা ঘটে, যখন উপস্থাপক হুয়ানমা কাস্তানিও লাপোর্তার পরনে থাকা ব্লেজারের রঙকে সাদা বলে মন্তব্য করেন। হাসিমুখে বার্সা সভাপতি তৎক্ষণাৎ তা সংশোধন করে বলেন, এটি সাদা নয়, বরং আইভরি রঙের। আপাতত কোটি ফুটবল ভক্তের মতো লাপোর্তাও উন্মুখ হয়ে আছেন ফাইনাল ম্যাচের জন্য, যেখানে মাঠের লড়াইয়ে নির্ধারিত হবে তার ভবিষ্যদ্বাণী কতটা সত্যি প্রমাণিত হয়।

/এমএকে/